২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অধিনায়ক ফেরায় বিশ্বকাপে পুরো শক্তির শ্রীলঙ্কা দল

চোট কাটিয়ে দলে ফিরেছেন শ্রীলঙ্কার পেসার লাসিথ মালিঙ্গা। আগামী মাসে ভারতে হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে বর্তমান চ্যাম্পিয়নদের নেতৃত্ব দেবেন ডান-হাতি এই বোলার।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Feb 2016, 05:07 PM

Updated : 12 Apr 2022, 01:27 AM

অধিনায়ক ছাড়াও চোট কাটিয়ে দলে ফিরেছেন সহ-অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউস। দুজনই কুঁচকির চোটের কারণে সম্প্রতি শেষ হওয়া ভারতের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে খেলতে পারেননি।

বিশ্বকাপের জন্য বৃহস্পতিবার ১৫ সদস্যের দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট। এ মাসে বাংলাদেশে হতে যাওয়া এশিয়া কাপেও শ্রীলঙ্কার এই দলই খেলবে।

গত বছর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নিজেদের মাঠে সিরিজে চোট পান শ্রীলঙ্কার নিয়মিত টি-টোয়েন্টি অধিনায়ক মালিঙ্গা। এ কারণে নিউ জিল্যান্ড সফরেও দলে ছিলেন না তিনি। তার পরিবর্তে নিউ জিল্যান্ড ও ভারত সফরে দলকে নেতৃত্ব দেন দিনেশ চান্দিমাল।

ভারত সফরে দলের বাইরে থাকা পেসার নুয়ান কুলাসেকারা ও বাঁ-হাতি স্পিনার রঙ্গনা হেরাথও এশিয়া কাপ ও বিশ্বকাপের দলে ফিরেছেন।

তবে বাদ পড়েছেন গত ৯ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে ২৯ রানে ৩ উইেকট নেওয়া ২২ বছর বয়সী পেসার কাসুন রাজিথা।

বিশ্বকাপের ‘সুপার টেন’- এ শ্রীলঙ্কা খেলবে ১ নম্বর গ্রুপে। এই গ্রুপে তাদের সঙ্গে খেলবে ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ ও প্রথম পর্ব পেরিয়ে আসা একটি দল। 

এশিয়া কাপ ও বিশ্বকাপের শ্রীলঙ্কা দল: লাসিথ মালিঙ্গা (অধিনায়ক), অ্যাঞ্জেলো ম্যাথিউস, দিনেশ চান্দিমাল, তিলকরত্নে দিলশান, নিরোশান ডিকভেলা, সিহান জয়াসুরিয়া, মিলিন্দা সিরিবর্ধনা, দাসুন শানাকা, চামারা কাপুগেদেরা, নুয়ান কুলাসেকারা, দুশমন্থ চামিরা, থিসারা পেরেরা, সাচিত্রা সেনানায়েকে, রঙ্গনা হেরাথ, জেফ্রি ভ্যান্ডারসে।