নিজেকেই দুষলেন মিরাজ
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে যুব বিশ্বকাপের সেমি-ফাইনালে দলকে লড়াইয়ের পুঁজি এনে দিতে না পারায় নিজেকেই দুষেছেন মেহেদি হাসান মিরাজ। বাংলাদেশের অধিনায়ক মনে করছেন, তিনি শেষ পর্যন্ত উইকেটে থাকলে আড়াইশ’ ছুঁতে পারত দলের সংগ্রহ।
৪৫ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ছিল ৫ উইকেটে ১৯৬ রান। ৪৬তম ওভারে পরপর দুই বলে ফিরে যান মিরাজ ও অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন।
“আমি যদি শেষ করতে পারতাম তাহলে ২৫০ রান হত। আমি আউট হওয়ার পরের বলেই সাইফুদ্দিন আউট হয়েছে। এদিকে আমরা পিছিয়ে গেছি।”
সেই সময়ে কেন ঝুঁকি নিতে চেয়েছিলেন তার ব্যাখ্যাও দিয়েছেন অলরাউন্ডার মিরাজ, “আমাদের ৫ ওভার বাকি ছিল, ৫ উইকেট হাতে ছিল। ঝুঁকি তখন নিতেই হবে। একটা-দুটা চার-ছয় যদি হয়ে যায় তাহলে পরে আমার স্বাভাবিক খেলা খেলা যাবে।”
শেষ ৫ ওভারে ৩০ রান যোগ করতে শেষ পাঁচ হারায় বাংলাদেশ। ২২৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৩ উইকেটে জিতে ফাইনালে পৌঁছায় ওয়েস্ট ইন্ডিজ।
কোয়ার্টার-ফাইনালে নেপালের বিপক্ষে মাঝারি লক্ষ্য তাড়া করতে নেমে চাপে পড়েছিল বাংলাদেশ। অধিনায়ক জানান, সেই চাপ এড়াতে সেমি-ফাইনালে আগে ব্যাটিংয়ের লক্ষ্য ছিল তাদের।
“উইকেট একটু মন্থর ছিল। এখানে আগে ব্যাটিং করলে ভালো ...আসলে সব সময় চাপে খেলা ভালো হয় না। আজকেও চাপের মধ্যে ভালো করতে পারিনি। আমরা যদি আগে ব্যাট করে ২৪০/২৫০ রান করি তাহলে যে কোনো দলের জন্য আমাদের হারানো কঠিন হবে।”
