২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বয়স কম, এখনও অভ্যস্ত নই আমরা: মিরাজ

বড় ম্যাচে মাঝারি স্কোর গড়ায় চাপে পড়ে গিয়েছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। অধিনায়ক মেহেদি হাসান মিরাজের মতে, চাপের সঙ্গে দল মানিয়ে নিতে পারেনি বলেই ধারাল হয়নি বোলিং-ফিল্ডিং।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2016, 06:49 PM

Updated : 12 Apr 2022, 01:24 AM

টুর্নামেন্ট জুড়ে বাংলাদেশের ব্যাটিং সেভাবে জ্বলে উঠতে পারেনি কোনো ম্যাচেই। শাণিত বোলিং আর দুর্দান্ত ফিল্ডিংয়েই ম্যাচের পর ম্যাচ জিতে এসেছে দল। কিন্তু সেমি-ফাইনালে দলের সবচেয়ে বড় শক্তির এই দুই জায়গাই ছিল নড়বড়ে। বাংলাদেশের স্পিনে ছিল না ধার। ফিল্ডিং ছিল বিস্ময়কর রকমের বিবর্ণ। সহজ ক্যাচ হাতছাড়া হয়েছে, গ্রাউন্ড ফিল্ডিং ছিল হতাশাজানক। ২২৭ রান তাড়ায় ওয়েস্ট ইন্ডিজ জিতে যায় ৩ উইকেটে।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে অধিনায়ক মিরাজ স্বীকার করে নিলেন, চাপটাই পেয়ে বসেছিল দলকে।

“আমরা সবাই অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেট খেলি। আমরা যতই বলি চাপ নিব না, কিন্তু চাপ এসেই যায় নানা ভাবে। মাঠে সব সময়ই চাপ থাকে। এত দর্শকের সামনে কেউ কোনো দিনও খেলেনি, এটা স্বাভাবিকভাবেই চাপ। সেমি-ফাইনাল ম্যাচ জিততে হবে, সেই চাপ।”

সময়ের বাস্তবতার কাছে হার মানলেও বাংলাদেশ অধিনায়কের চোখে উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্ন।

“আমাদের বয়স এখনও কম। এতকিছু সামলে ওঠা, এখনও আমরা অভ্যস্ত নই। এবার অভিজ্ঞতাটা হলো। আমরা পরিস্থিতিটা দেখেছি, দর্শকের সামনে খেলছি, আমরাও বেড়ে উঠছি। আশা করি, সামনে কখনও এরকম সমস্যা হবে না।”

পুরনো খবর:

নিজেকেই দুষলেন মিরাজ
‘টেনশনে’ ছিলেন ক্যারিবিয়ান অধিনায়ক