পান্তর খুনে ব্যাটিংয়ে গ্রুপ সেরা ভারত
ঋষভ পান্তর খুনে মেজাজের ব্যাটিংয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে নেপালকে হারিয়েছে ভারত। ৭ উইকেটের জয়ে গ্রুপ সেরা হয়েছে দলটি।
এক ম্যাচ হাতে রেখেই ‘ডি’ গ্রুপ থেকে সুপার লিগ কোয়ার্টার-ফাইনাল নিশ্চিত করে ভারত ও নেপাল। এই দুই দলের লড়াই ছিল তাই গ্রুপ সেরা নির্ধারণের। সেই লড়াইয়ে তিনবারের চ্যাম্পিয়নদের দারুণ জয় এনে দিয়েছেন পান্ত।
১৮ বলে অর্ধশতকে পৌঁছে যুব ওয়ানডেতে দ্রুততম অর্ধশতকের রেকর্ড গড়েছেন ভারতের উইকেটরক্ষক-ব্যাটসম্যান পান্ত। অর্ধশতকে পৌঁছে আরও ভয়ঙ্কর হয়ে উঠেন এই বাঁহাতি ব্যাটসম্যান। তার খেলা পরের ৫ বল এমন ৪, ৬, ৪, ৬, ৬।
শেষ পর্যন্ত ২৪ বলে খেলেন ৭৮ রানের ঝড়ো ইনিংস। তার ইনিংসটি সাজানো ৯টি চার ও ৫টি ছক্কায়।
সোমবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে কুয়াশার জন্য ম্যাচের দৈর্ঘ্য নেমে আসে ৪৮ ওভারে। টস হেরে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ১৬৯ রান করে নেপাল।
সর্বোচ্চ ৩৭ রান করেন সন্দিপ সানার। দ্বিতীয় সর্বোচ্চ ৩৫ রান আসে রাজবির সিংয়ের ব্যাট থেকে।
৩৪ রানে তিন উইকেট নিয়ে ভারতের সেরা বোলার আভেশ খান। এছাড়া মায়াঙ্ক দাগার ও ওয়াশিংটন সুন্দর দুটি করে উইকেট নেন।
জবাবে ১৮ ওভার ১ বলে তিন উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় ভারত।
অধিনায়ক ইশান কিষানের সঙ্গে পান্তর ৯.১ ওভার স্থায়ী ১২৪ রানের উদ্বোধনী জুটি ভারতকে সহজ জয়ের পথে নিয়ে যায়। ইশান করেন ৫২ রান। তার ৪০ বলের আক্রমণাত্মক ইনিংসটি সাজানো ৭টি চার ও তিনটি ছক্কায়।
বাকি কাজটুকু সহজেই সারেন সরফরাজ খান (২১*) ও আরমান জাফর (১২*)।
