১৮ বলে ফিফটি করে রেকর্ড পান্তর
নেপালের বিপক্ষে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ম্যাচে দ্রুততম অর্ধশতকের রেকর্ড গড়েছেন ঋষভ পান্ত। ভারতের এই উদ্বোধনী ব্যাটসম্যান পঞ্চাশ ছুঁতে খেলেছেন ১৮ বল।
যুব ওয়ানডেতে দ্রুততম অর্ধশতকের রেকর্ড ছিল ওয়েস্ট ইন্ডিজের ট্রেভন গ্রিফিথের। ২০০৯-১০ মৌসুমে পাকিস্তানের বিপক্ষে ১৯ বলে অর্ধশতকে পৌঁছে জর্জ বেইলির রেকর্ড ভেঙেছিলেন তিনি।
২০০১-০২ মৌসুমে কেনিয়ার বিপক্ষে ২১ বলে অর্ধশতকে পৌছেছিলেন অস্ট্রেলিয়ার বেইলি।
সোমবার মিরপুরে শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে নেপালের বিপক্ষে শেষ পর্যন্ত ৭৮ রানে ফেরা বাঁহাতি ব্যাটসম্যান পান্তর ২৪ বলের বিধ্বংসী ইনিংসটি ৯টি চার ও ৫টি ছক্কা সমৃদ্ধ।
মুখোমুখি হওয়া প্রথম বলে চার হাঁকিয়ে শুরু করা পান্ত মাত্র ৯ বলে পৌঁছে যান ২৭ রানে। মিডিয়াম পেসার আরিফ শেখের এক ওভারে দুটি ছক্কাসহ নেন ১৮ রান।
উইকেটরক্ষক-ব্যাটসম্যান পান্তর খেলা প্রথম নয় বলে দুটি ডট বল ছিল, তবে পরের নয় বলে একটি ডট বলও ছিল না। সপ্তম ওভারে পরপর দুটি চার হাঁকিয়ে পঞ্চাশে পৌঁছে রেকর্ড নিজের করে নেন এই তিনি।
