২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘২২০ রানই যথেষ্ট ছিল’

নিজেদের ইনিংস শেষেই অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে টানা দ্বিতীয় জয়ের ব্যাপারে অনেকটা নিশ্চিত হয়ে যায় বাংলাদেশ। স্কটল্যান্ডকে ২৫৭ রানের লক্ষ্য দেওয়া স্বাগতিকরা শেষ পর্যন্ত বড় ব্যবধানেই জেতে। অধিনায়ক মেহেদি হাসান মিরাজ মনে করছেন, স্কটল্যান্ডের বিপক্ষে ২২০ রানই জয়ের জন্য যথেষ্ট ছিল।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jan 2016, 09:30 PM

Updated : 12 Apr 2022, 01:19 AM

রোববার কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে স্কটল্যান্ডকে ১১৪ রানে হারিয়ে সুপার লিগ কোয়ার্টার-ফাইনাল নিশ্চিত করে বাংলাদেশ।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে অধিনায়ক মিরাজ জানান, উইকেট দেখে ২২০ রানকে ২৭০ রানের সমান মনে হয়েছে তাদের।

“উইকেট অনেক মন্থর। বল ব্যাটে সেভাবে আসে না। তাই ২২০ রান হলেই জেতার ব্যাপারে আত্মবিশ্বাসী ছিলাম আমরা।”

নাজমুল হোসেন শান্তর শতকে ৬ উইকেটে ২৫৬ রান করে বাংলাদেশ।

সংগ্রহ আরও বড় না হওয়ায় স্কটল্যান্ডের বোলারদের মন্থর বোলিংকে দায়ী করেছেন বাংলাদেশের অধিনায়ক। একই সঙ্গে বেশি বাজে বল পাওয়াকেও দায় দিয়েছেন তিনি!

“আমরা কিন্তু খারাপ বল খুব কম খেলি। আমরা সব সময় ভালো বল খেলে অভ্যস্ত। যখন খারাপ বল দেখি তখন কিন্তু বাউন্ডারি মারতে চাই, ছয় মারতে চাই। সে জন্য সমস্যা হয়ে যায়।”

১৭ রানে দুই উইকেট হারিয়ে শুরুতে চাপে পড়েছিল বাংলাদেশ। উদ্বোধনী ব্যাটসম্যান সাইফ হাসান ১০৮ বলে খেলেন ৪৯ রানের মন্থর এক ইনিংস। ৭২টি ডট বল দেওয়া এই ব্যাটসম্যানের অবশ্য প্রশংসাই করেছেন অধিনায়ক।

“সাইফ হাসান যে ইনিংসটা খেলছে সেটা আামার ও শান্তর জন্য খুব ভালো হয়েছে। আমরা শেষে ফ্রি ব্যাটিং করতে পেরেছি।”