ম্যাককালামকে ছাড়িয়ে দ্বিতীয় সর্বোচ্চ ইনিংস ওয়াটসনের
টি-টোয়েন্টিতে দ্বিতীয় দ্বিতীয় সর্বোচ্চ ব্যক্তিগত রানের ইনিংস খেলেছেন অস্ট্রেলিয়ার শেন ওয়াটসন।
রোববার সিডনি ক্রিকেট গ্রাউন্ডে ভারতের বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টিতে দলকে ৫ উইকেটে ১৯৭ রানের বড় সংগ্রহ এনে দিতে শতক করেন ওয়াটসন।
অপরাজিত ১২৪ রান টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ব্যক্তিগত রানের ইনিংসের তালিকায় অ্যারন ফিঞ্চের পরেই নিয়ে এসেছে ওয়াটসনকে। ফিঞ্চের অনুপস্থিতিতে এই ম্যাচে নেতৃত্ব পান ওয়াটসন।
২০১৩ সালে সাউথহ্যাম্পটনে ইংল্যান্ডের বিপক্ষে ১৫৬ রান করে ব্রেন্ডন ম্যাককালামের রেকর্ড ভাঙেন অস্ট্রেলিয়ার উদ্বোধনী ব্যাটসম্যান ফিঞ্চ। ২০১২ সালে বাংলাদেশের বিপক্ষে পাল্লেকেলেতে ১২৩ রান করে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রানের রেকর্ড গড়েছিলেন ম্যাককালাম।
ওয়াটসনের প্রথম টি-টোয়েন্টি শতকে এবার তিনে নেমে গেলেন নিউ জিল্যান্ডের মারকুটে ব্যাটসম্যান ম্যাককালাম।
ফিঞ্চের রেকর্ড ভাঙতে পারেননি ওয়াটসন কিন্তু অন্য একটা রেকর্ড ঠিকই গড়েছেন তিনি। টি-টোয়েন্টিতে অধিনায়ক হিসেবে সর্বোচ্চ রানের রেকর্ড এখন তারই। আগের সর্বোচ্চ ছিল দক্ষিণ আফ্রিকার ফাফ দু প্লেসির।
গত বছর ১১ জানুয়ারি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জোহানেসবার্গে ১১৯ রান করেছিলেন দু প্লেসি। তিনি ও ওয়াটসন ছাড়া টি-টোয়েন্টিতে অধিনায়ক হিসেবে শতক আছে কেবল শ্রীলঙ্কার তিলকারত্নে দিলশানের।
অস্ট্রেলিয়ার প্রথম ব্যাটসম্যান হিসেবে তিন ধরনের ক্রিকেটে শতক করেছেন ওয়াটসন। বিশ্ব ক্রিকেটে তার আগে নিজ দেশের হয়ে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টিতে শতক করেছেন নয় ক্রিকেটার।
ওয়াটসনের ৭১ বলের ঝড়ো ইনিংসটি ১০টি চার ও ৬টি ছক্কায় গড়া। এই ইনিংস খেলার পথে অস্ট্রেলিয়ার মাঠে টি-টোয়েন্টিতে প্রথম শতক উপহার দেন ওয়াটসন। ভারতের বিপক্ষে প্রথম ব্যাটসম্যান হিসেবে এই সংস্করণে তিন অঙ্কের ইনিংস খেলার কৃতিত্বও তারই।
