ভারতের জেতা ম্যাচে পান্ডিয়ার শাস্তি
অস্ট্রেলিয়ার বিপেক্ষ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ব্যাটসম্যানকে আউট করে উন্মত্ত উদযাপন করায় তিরস্কার করা হয়েছে ভারতের পেসার হার্দিক পান্ডিয়াকে।
বৃহস্পতিবার ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি এক বিজ্ঞপ্তিতে পান্ডের এই শাস্তির কথা জানায়।
অ্যাডিলেইডে গত মঙ্গলবার সিরিজের প্রথম ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় পান্ডিয়ার। আন্তর্জাতিক ক্রিকেটে ক্যারিয়ারের প্রথম ওভারে ১১টি বল করতে হয় তাকে, যার প্রথম তিনটিই ছিল ‘ওয়াইড’ বল।
নিজের দ্বিতীয় আর ইনিংসের পঞ্চদশ ওভারে অস্ট্রেলিয়ার ব্যাটসম্যান ক্রিস লিনকে আউট করে তার কাছে গিয়ে উন্মত্ত উদযাপন করেন পান্ডিয়া। হয়ত এই ওভারের প্রথম বলে লিন তাকে বিশাল এক ছক্কা মেরেছিলেন বলেই আবেগ ধরে রাখতে পারেননি ভারতের এই তরুণ পেসার।
আইসিসির আচরণবিধি ভাঙায় লেভেল ওয়ানের অপরাধের জন্য সর্বনিম্ন শাস্তি ‘তিরস্কার’ পেয়েই রেহাই পেলেন পান্ডিয়া। প্রথমবারের মতো এই অপরাধের সর্বোচ্চ শাস্তি ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা।
পান্ডিয়ার বিরুদ্ধে এই অভিযোগ এনেছিলেন মাঠের দুই আম্পায়ার সাইমন ফ্রাই, জন ওয়ার্ড, তৃতীয় আম্পায়ার পল উইলসন ও চতুর্থ আম্পায়ার জেরার্ড অ্যাবড।
ভারতের ৩৭ রানে জেতা ম্যাচ শেষে পান্ডিয়া নিজের দোষ স্বীকার করেন এবং ম্যাচ রেফারি জেফ ক্রোর দেওয়া শাস্তি মেনে নেন। তাই কোনো আনুষ্ঠানিক শুনানির দরকার পড়েনি।
