২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদশকে দুইশর নিচে থামানোর লক্ষ্য ছিল প্রোটিয়াদের

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের উদ্বোধনী দিনে বাংলাদেশকে দুইশ’ রানের নিচে থামাতে চেয়েছিল দক্ষিণ আফ্রিকা। পারেনি শিরোপাধারীরা; নাজমুল হোসেনের দারুণ ইনিংসে আড়াইশ’ রানের কাছাকাছি যায় স্বাগতিকদের সংগ্রহ। সেই লক্ষ্যও তাড়া করার মতো ছিল বলে মনে করছেন অতিথি অধিনায়ক টনি ডি জর্সি।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jan 2016, 06:23 PM

Updated : 12 Apr 2022, 01:18 AM

বুধবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশের দেওয়া ২৪১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দুইশ’ রানও করতে পারেনি দক্ষিণ আফ্রিকা। ৮ বল বাকি থাকতেই ১৯৭ রানে অলআউট হওয়া দলটি হারে ৪৩ রানে।

ম্যাচ শেষে ডি জর্সি জানান, দুইশ’ রানের নিচে লক্ষ্য পাওয়ার মতোই শুরু করেছিলেন তারা, “লক্ষ্য তাড়া করার মতোই ছিল। (বোলিংয়ে) আমরা খুব ভালো শুরু করেছিলাম। মাঝের ওভারগুলোতেও আমরা ওদের বেধে রেখেছিলাম। কিন্তু শেষ দিকে কিছু বাউন্ডারি বের করে নেয়। আর এটাই ক্রিকেট।”

বাংলাদেশকে লড়াইয়ের পুঁজি এনে দিতে ৮২ বলে ৭৩ রানের চমৎকার এক ইনিংস খেলেন নাজমুল। দলের সংগ্রহ আড়াইশ’ রানের কাছাকাছি পৌঁছানোয় বড় অবদান রয়েছে জয়রাজ শেখ ও পিনাক ঘোষেরও। 

“আমার মনে হয়, ওরা খুব ভালো ব্যাটিং করেছে। শেষ পর্যন্ত একজন সেট ব্যাটসম্যান ছিল তাদের। তবে দিন শেষে ২৪১ রানের লক্ষ্যও তাড়া করার জন্য খুব বেশি ছিল না।”

তিনটি মেডেন ওভার দিয়ে বোলিং শুরু করেছিল দক্ষিণ আফ্রিকা। পরে লক্ষ্য তাড়া করতে নেমে উদ্বোধনী ব্যাটসম্যান লিয়াম স্মিথের কাছ থেকে শতক পায় দলটি।

“আমরা লক্ষ্য তাড়া করে জেতার মতো ব্যাটিংয়ের চেষ্টা করেছিলাম, দুর্ভাগ্যজনকভাবে পারিনি।”

পুরনো খবর:

অভিজ্ঞতা কাজে লেগেছে বাংলাদেশের