২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অভিজ্ঞতা কাজে লেগেছে বাংলাদেশের

টনি ডি জর্সির দক্ষিণ আফ্রিকার অনূর্ধ্ব-১৯ দল বাংলাদেশের যুবাদের খুব চেনা। নিজেদের ও প্রতিপক্ষের মাঠে ৭ ম্যাচের দুটি করে সিরিজ খেলেছে দল দুটি। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের উদ্বোধনী দিনে দক্ষিণ আফ্রিকাকে হারাতে সেই অভিজ্ঞতা কাজে লেগেছে বলে মনে করছেন সহ-অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jan 2016, 07:21 PM

Updated : 12 Apr 2022, 01:18 AM

বুধবার চট্টগ্রামের জহুর আহমেদ আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকাকে ৪৩ রানে হারায় বাংলাদেশ। ৮২ বলে ৭৩ রানের পরিণত এক ইনিংস খেলে ম্যাচ সেরার পুরস্কার জেতেন শান্ত।

ম্যাচ শেষে শান্ত জানান, প্রতিপক্ষ সম্পর্কে খুব ভালো ধারণা থাকাটা ম্যাচে কাজে লেগেছে, “আমরা জানতাম, ওরা কে কেমন। কোথায় বল করে বা ব্যাটসম্যানরা কোথায় শক্তিশালী..সেভাবেই এগিয়েছি আমরা।”

২৪১ রানের লক্ষ্য তাড়া করতে নামা দক্ষিণ আফ্রিকাকে ৮ বল বাকি থাকতে ১৯৭ রানে গুটিয়ে দেয় বাংলাদেশের যুবারা। যুব ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শেষ ১৫ ম্যাচে এটি বাংলাদেশের দ্বাদশ জয়।

এর আগে দুটি দ্বিপাক্ষিক সিরিজে দক্ষিণ আফ্রিকাকে উড়িয়েই দিয়েছিল বাংলাদেশ। গত জুলাইয়ের বাংলাদেশের মাটিতে সিরিজে প্রোটিয়ার হেরেছিল ৬-১ ব্যবধানে, জুলাইয়ে দক্ষিণ আফ্রিকার মাটিতে সিরিজের ফল ছিল ৫-২।

নাজমুল জানান, নিজেদের বিশ্বকাপের চাপ ভুলতে সবাই নিজেদের কাজ ঠিকঠাক করার দিকেই মনোযোগী ছিলেন।

“অনেকে নতুন ছিল, হয়ত একটু নার্ভাসনেস কাজ করতে পারে। তাই আগের দিন এবং আজকেও মাঠে নামার আগে আমরা সবাই একটা কথাই বলেছি যে, স্বাভাবিকভাবেই খেলব। এটা বিশ্বকাপের ম্যাচ, সেটা মাথায় রাখব না। ওই প্রক্রিয়াতেই আমরা গিয়েছি।”