২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রথম ট্রিপল সেঞ্চুরি জুটিতে লরেন্স-বার্নহ্যামের রেকর্ড

যুব ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে প্রথম ট্রিপল সেঞ্চুরি জুটির কীর্তি গড়েছেন ইংল্যান্ডের ড্যান লরেন্স ও জ্যাক বার্নহ্যাম। অল্পের জন্য ব্যক্তিগত সর্বোচ্চ রানের রেকর্ড হাতছাড়া করেছেন লরেন্স।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jan 2016, 01:01 PM

Updated : 12 Apr 2022, 01:18 AM

বুধবার চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের প্রথম দিনে টুর্নামেন্টের নবাগত ফিজির বিপক্ষে ৫০ ওভারে ৩ উইকেটে ৩৭১ রান তোলে ইংল্যান্ড। দ্বিতীয় উইকেটে ৩০৩ রানের জুটি গড়েছেন লরেন্স ও বার্নহ্যাম।

যুব ওয়ানডেতে জুটির আগের রেকর্ডটিও হয়েছিল বাংলাদেশেই। ২০০৪ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বিকেএসপিতে স্কটল্যান্ডের বিপক্ষে ২৭৩ রানের জুটি গড়েছিলেন নিউ জিল্যান্ডের বিজে ওয়াটলিং ও ব্র্যাড উইলসন।

লরেন্স পরে খুব কাছে গিয়ে ছুঁতে পারেননি ব্যক্তিগত মাইলফলক। যুব ওয়ানডের ইতিহাসে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস অস্ট্রেলিয়ার থিও ডোরোপোলাসের ১৭৯ রান। আর যুব বিশ্বকাপে সর্বোচ্চ ইনিংস ওয়েস্ট ইন্ডিজের ডেভন প্যাগনের ১৭৬। ফিজির বিপক্ষে বুধবার শেষ ওভারের দ্বিতীয় বলে আউট হওয়ার আগে লরেন্স করেছেন ১৭৪ রান। বার্নহ্যাম আগেই ফিরেছেন ১৪৮ রানে।

সর্বোচ্চ ইনিংসের রেকর্ড না ছুঁলেও এবারের যুব বিশ্বকাপের প্রথম শতকটি করেছেন লরেন্সই। ডানহাতি ওপেনার শুরু করেছিলেন ঝড়ের গতিতে। ৩৯ বলে ছুঁয়েছিলেন পঞ্চাশ। পরে স্ট্রোক সামলে মন দেন ইনিংস গড়ায়। শতক করেন ১০৮ বলে। অষ্টম যুব ওয়ানডেতে লরেন্সের এটি দ্বিতীয় শতক।

টুর্নামেন্ট শুরুর আগেই অবশ্য ইংল্যান্ড দলের সবচেয়ে আলোচিত ক্রিকেটার ছিলেন এই লরেন্স। গত এপ্রিলে ইংল্যান্ডের কাউন্টি চ্যাম্পিয়নশিপে গড়েছিলেন ইতিহাস। প্রথম শ্রেণির ক্রিকেটে নিজের দ্বিতীয় ম্যাচেই এসেক্সের হয়ে সারের বিপক্ষে খেলেছিলেন ১৬১ রানের ইনিংস।

১৭ বছর ২৯০ দিন বয়সে লরেন্সের সেই শতক এসেক্স কাউন্টির ইতিহাসে সবচেয়ে কম বয়সে করা শতক; ইতিহাসের সাক্ষী হয়ে থাকা মাঠ ওভালেও। আর সব মিলিয়ে লরেন্স ইংলিশ কাউন্টির ইতিহাসে শতক করা তৃতীয় সর্বকনিষ্ঠ ব্যাটসম্যান। এবার রেকর্ড গড়লেন যুব বিশ্বকাপের প্রথম ম্যাচেই।