ওয়ানডে সিরিজেও খেলা হবে না স্টেইনের
কাঁধের চোটের জন্য ইংল্যান্ডের বিপক্ষে শেষ তিন টেস্টে খেলা হয়নি ডেল স্টেইনের। চোট থেকে সেরে উঠার পথে থাকা দক্ষিণ আফ্রিকার এই পেসারকে দেখা যাবে না পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজেও।
ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে স্টেইনের খেলা হবে কি না সে বিষয়ে পরে সিদ্ধান্ত নেবে দক্ষিণ আফ্রিকা। অস্ট্রেলিয়ার বিপক্ষে মার্চের টি-টোয়েন্টি সিরিজ ও টি-টোয়েন্টি বিশ্বকাপে স্টেইনকে পাওয়ার ব্যাপারে আশাবাদী দেশটি।
সেঞ্চুরিয়নে ২৮০ রানে জেতা শেষ টেস্টে চোট পেয়েছেন কাইল অ্যাবট। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে খেলা হবে না তার। এছাড়া দুই পেসার মর্নে মর্কেল ও কাগিসো রাবাদাকে ওয়ানডে সিরিজে কয়েকটি ম্যাচে বিশ্রাম দেওয়া হতে পারে।
দক্ষিণ আফ্রিকার কোচ রাসেল ডমিঙ্গো ইংল্যান্ড সিরিজে নতুন দুই একজন পেসাকে সুযোগ দেওয়ার ইঙ্গিত দিয়েছেন।
ভারত সফরে গত নভেম্বরে চোট পাওয়া ভার্নন ফিল্যান্ডারের ক্রিকেটে ফিরতে আরও কিছু দিন অপেক্ষা করতে হবে বলে জানিয়েছেন দক্ষিণ আফ্রিকা দলের ম্যানেজার মোহাম্মেদ মোসাজি। তিনি জানিয়েছেন, বিশ্বকাপকে সামনে রেখে দলের পেসারদের নিয়ে কোনো ঝুঁকি নেবেন না তারা।
আগামী ৩ ফেব্রুয়ারি ব্লুমফন্টেইনে হবে প্রথম ওয়ানডে।
