২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাবাদার তোপে বিধ্বস্ত ইংল্যান্ড

কাগিসো রাবাদার জবাব দ্বিতীয় ইনিংসেও খুঁজে পায়নি ইংল্যান্ড। তাই সেঞ্চুরিয়ন টেস্টে বড় পরাজয় এড়াতে পারেনি অ্যালেস্টার কুকের দল। ২০ বছর বয়সী তরুণের দারুণ বোলিংয়ে পঞ্চম ও শেষ দিনের প্রথম সেশনেই ২৮০ রানের জয় তুলে নিয়েছে দক্ষিণ আফ্রিকা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jan 2016, 04:11 PM

Updated : 11 Oct 2022, 07:40 PM

প্রথম ইনিংসে দলকে ১৩৩ রানের লিড এনে দিতে ৭ উইকেট নেন রাবাদা। সেই ইনিংসে ১১২ রান খরচ করেছিলেন এই ডানহাতি পেসার। 
 
দ্বিতীয় ইনিংসে আরও ভয়ঙ্কর হয়ে উঠেন রাবাদা। ৩৮২ রানের বড় লক্ষ্য তাড়া করতে নামা ইংল্যান্ডকে ১০১ রানেই থামিয়ে দেন তিনি। তার তোপে ৩৪.৪ ওভার স্থায়ী হয় অতিথিদের দ্বিতীয় ইনিংস।
 
রাবাদা ৩২ রানে নেন ৬ উইকেট। ম্যাচে সব মিলিয়ে ১৪৪ রানে ১৩ উইকেট। সেঞ্চুরিয়নের সুপারস্পোর্ট পার্কে টেস্টে এটাই সেরা বোলিং। টেস্টে দক্ষিণ আফ্রিকার বোলারদের এটা দ্বিতীয় সেরা বোলিং। ২০০৫ সালে পোর্ট অব স্পেনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১৩২ রানে ১৩ উইকেট নিয়েছিলেন মাখায়া এনটিনি।
 
দলকে জয় এনে দেওয়ার পথে দক্ষিণ আফ্রিকার হয়ে ম্যাচে সবচেয়ে কম বয়সে ১০ উইকেট নেওয়ার কৃতিত্ব দেখান রাবাদা (২০ বছর ২৪২ দিন)।
 
এর আগে হিউ টেইফিল্ড (২৩ বছর ৩২৯ দিন) দক্ষিণ আফ্রিকার হয়ে সবচেয়ে কম বয়সে ১০ উইকেট নিয়েছিলেন।  
 

মঙ্গলবার ৩ উইকেটে ৫২ রান নিয়ে দিনের খেলা শুরু করে ইংল্যান্ড। জয়ের জন্য শেষ দিন তাদের প্রয়োজন ছিল আরও ৩৩০ রান। সেটি ছিল প্রায় অসম্ভব, কঠিন ছিল শেষ ৭ উইকেট নিয়ে দিন কাটিয়ে দেওয়া।
 
কোনোটিরই ধারে কাছে যেতে পারেনি ইংল্যান্ড। শেষ দিন প্রথম ঘণ্টার পরপরই গুটিয়ে যায় তাদের ইনিংস। 
 
দিনের শুরুতেই জেমস টেইলরকে ফিরিয়ে দেন মর্নে মর্কেল। পরের ওভারেই জো রুটকে বিদায় করেন ড্যান পিট। জনি বেয়ারস্টোকে ফিরিয়ে চতুর্থ দিন নিজের প্রথম উইকেট নেন রাবাদা। 
 
১৮ রান যোগ করতে শেষ পাঁচ উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। যার চারটিই নেন রাবাদা। বেয়ারস্টোর পর ক্রিস ওকস, স্টুয়ার্ট ব্রড ও জেমস অ্যান্ডারসনকে বিদায় করেন এই তরুণ। 
 
শেষ ম্যাচে হারা ইংল্যান্ড সিরিজ জিতেছে ২-১ ব্যবধানে।