দ. আফ্রিকার চাই ৭ উইকেট, ইংল্যান্ডের ৩৩০ রান
শতকের পর নব্বই রানের চমৎকার একটি ইনিংস খেলেছেন হাশিম আমলা। দ্বিতীয় ইনিংসেও ইংল্যান্ডের বড় বাধা হয়ে উঠেছেন কাগিসো রাবাদা। আমলা-রাবাদার নৈপুণ্যে সিরিজে প্রথম জয়ের সম্ভাবনা জেগেছে দক্ষিণ আফ্রিকার। অন্য দিকে, জিততে হলে রেকর্ড গড়তে হবে অ্যালেস্টার কুকের দলকে।
সোমবার সুপারস্পোর্ট পার্কে বৃষ্টি বিঘ্নিত চতুর্থ দিনের খেলা শেষে ইংল্যান্ডের সংগ্রহ ৩ উইকেটে ৫২ রান। জো রুট ১৯ ও জেমস টেইলর ১৯ রানে ব্যাট করছেন।
৩৮২ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই দিক হারায় ইংল্যান্ড। ১৮ রানের মধ্যে বিদায় নেন দলের প্রথম তিন ব্যাটসম্যান। অ্যালেক্স হেলস ও নিক কম্পটনকে ফিরিয়ে দেন প্রথম ইনিংসে ৭ উইকেট নেওয়া রাবাদা।
ফিরতি ক্যাচ নিয়ে ইংল্যান্ডের অধিনায়ক কুককে ফেরান মর্নে মর্কেল।
ব্যক্তিগত ১০ রানে স্টাম্পড হওয়ার হাত থেকে বেঁচে যান রুট। সেই সময়ে তিনি ফিরে গেলে চতুর্থ দিন শেষে আরও ভালো অবস্থানে থাকতে পারত দক্ষিণ আফ্রিকা।
দক্ষিণ আফ্রিকায় সর্বোচ্চ ৩৩৬ রানের লক্ষ্য তাড়া করে জেতার রেকর্ড অস্ট্রেলিয়ার অধিকারে। ১৯৫০ সালে ডারবানে স্বাগতিকদের বিপক্ষে এই লক্ষ্য তাড়া করে জিতেছিল তারা।
জয়ের জন্য এখনও ৩৩০ রান চাই ইংল্যান্ডের। হাতে থাকা ৭ উইকেট নিয়ে কাজটা করা ভীষণ কঠিন হবে। ম্যাচ বাঁচাতে শেষ দিন ইংল্যান্ডের পরিকল্পনা কি হবে তার ইঙ্গিত মিলেছে চতুর্থ দিনই। ৫২ রান করতে ২১ ওভার খেলেছে অতিথিরা।
ম্যাচে এ পর্যন্ত ৯ উইকেট নিয়েছেন ২০ বছর বয়সী ডানহাতি পেসার রাবাদা। উইকেট থেকে বোলাররা বেশ সহায়তাও পাচ্ছেন। শেষ দিন ৭ উইকেট নিয়ে কাটিয়ে দেওয়াও খুব কঠিন হতে পারে অতিথিদের জন্য।
এর আগে ১ উইকেটে ৪২ রান নিয়ে দিনের খেলা শুরু করে দক্ষিণ আফ্রিকা। শুরুতেই আঘাত হানেন জেমস অ্যান্ডারসন। তিন বলের মধ্যে স্টিভেন কুক ও এবি ডি ভিলিয়ার্সকে ফিরিয়ে দেন তিনি।
অভিষেক টেস্টের প্রথম ইনিংসে শতক করা কুক এবার ফিরেন ২৫ রান করে। প্রথম ইনিংসে শূন্য রানে ফেরা দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ডি ভিলিয়ার্স আবার রান করার আগেই বিদায় নিয়েছেন। তার আগে সর্বশেষ ১৯১২ সালে দক্ষিণ আফ্রিকার কোনো অধিনায়ক টেস্টের দুই ইনিংসেই শূন্য রানে আউট হয়েছিল।
দ্রুত দুই উইকেট হারানোর পর জেপি দুমিনিকে নিয়ে প্রাথমিক প্রতিরোধ গড়েন আমলা। ২৯ রান করে দুমিনি ফিরে যাওয়ার পর ক্রিজে আসেন টেম্বা বাভুমা। তার সঙ্গে আমলার ১১৭ রানের জুটি স্বাগতিকদের লড়াইয়ের পুঁজি এনে দেয়।
দলকে ভালো অবস্থানে পৌঁছে দেওয়া আমলা ফিরেছেন মাত্র ৪ রানের জন্য শতক না পাওয়ার হতাশা নিয়ে। স্টুয়ার্ট ব্রডের বলে জনি বেয়ারস্টোকে ক্যাচ দিয়ে শেষ হয় আমলার ৯৬ রানের চমৎকার ইনিংসটি। তার ১৯৯ বলের ইনিংসটি গড়া ১১টি চারে।
ডি ভিলিয়ার্স ৫ উইকেটে ২৪৮ রানে দ্বিতীয় ইনিংস ঘোষণা করার সময় ৭৮ রানে অপরাজিত ছিলেন বাভুমা। তার ১৫৪ বলের ইনিংসটি গড়া ৯টি চার ও একটি ছক্কায়।
৪৭ রানে তিন উইকেট নিয়ে ইংল্যান্ডের সেরা বোলার অ্যান্ডারসন।
এর আগে প্রথম ইনিংসে ৪৭৫ রান দক্ষিণ আফ্রিকা। পরে ইংল্যান্ডকে ৩৪২ রানে গুটিয়ে দিয়ে ১৩৩ রানের লিড নেয় দলটি।
