অস্ট্রেলিয়ার ওয়ানডে দলে জামপা
অস্ট্রেলিয়া দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন অ্যাডাম জামপা। নিউ জিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের দলে আছেন এই লেগ স্পিনার। তবে ডাক পাননি সাম্প্রতিক সময়ে দারুণ ছন্দে আছেন উসমান খাওয়াজা।
বিগ ব্যাশে ভালো খেলার পুরস্কার পেয়েছেন জামপা। আগামী মাসে হতে যাওয়া নিউ জিল্যান্ড সিরিজ তার জন্য বড় পরীক্ষাই হতে যাচ্ছে। তিন ম্যাচের সিরিজে ভালো করলে টি-টোয়েন্টি বিশ্বকাপের দলেও থাকতে পারেন ২৩ বছর বয়সী এই লেগ স্পিনার।
ভারতের বিপক্ষে সর্বশেষ ওয়ানডে সিরিজে খেলা দলে একটি পরিবর্তন এসেছে। জামপাকে জায়গা দিতে বাদ পড়েছেন নাথান লায়ন। টেস্ট সিরিজের প্রস্তুতির জন্য তাকে দলের বাইরে রেখেছেন নির্বাচকরা।
অস্ট্রেলিয়ার প্রথম শ্রেণির ক্রিকেটের টুর্নামেন্ট শেফিল্ড শিল্ডের ম্যাচে নিউ জিল্যান্ডে মুখোমুখি হবে নিউ সাউথ ওয়েলস ও ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া। টেস্ট সিরিজের প্রস্তুতির জন্য সেই ম্যাচে খেলবেন অভিজ্ঞ অফ স্পিনার লায়ন।
জামপা সদ্য সমাপ্ত বিগ ব্যাশে ২২.৫ গড়ে ১২ উইকেট নেন। স্পিনাদের মধ্যে তার চেয়ে ভালো করেছেন কেবল ইংল্যান্ডের আদিল রশিদ।
গত নভেম্বরে টেস্ট দলে ফিরে এই সংস্করণে নিজের জায়গা এক রকম পাকা করে ফেলেছেন খাওয়াজা। বিগ ব্যাশে লিগেও পেয়েছেন রান। তবে রান বন্যা ওয়ানডে দলে ফেরাতে পারেনি এই ব্যাটসম্যানকে।
গত নভেম্বরে নিউ জিল্যান্ডের বিপক্ষে গ্যাবা টেস্ট থেকে সব ধরনের ক্রিকেটে খাওয়াজার স্কোরগুলো এমন ১৭৪, ৯*, ১২১, ১০৯*, ১৪৪, ৫৬, ৬২, ১০৪*, ৭০। সব মিলিয়ে ১৪১.৫ গড়ে ৮৪৯ রান।
২০১৩ সালে ওয়ানডে অভিষেক হয় খাওয়াজার। তার তিন ওয়ানডের সর্বশেষটি সেই বছরই খেলেন তিনি।
অস্ট্রেলিয়ার ওয়ানডে দল: স্টিভেন স্মিথ (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার (সহ-অধিনায়ক), জর্জ বেইলি, স্কট বোল্যান্ড, জেমস ফকনার, অ্যারন ফিঞ্চ, জন হেস্টিংস, জশ হেইজেলউড, মিচেল মার্শ, শন মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, কেন রিচার্ডসন, ম্যাথু ওয়েড, অ্যাডাম জামপা।
