২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ডি ককের শতকের পর কুকের দৃঢ়তা

স্টিভেন কুক, হাশিম আমলার পর সেঞ্চুরিয়ন টেস্টে শতক পেয়েছেন কুইন্টন ডি কক। তাতে প্রথম ইনিংসে বড় সংগ্রহ গড়েছে দক্ষিণ আফ্রিকা। তবে চতুর্থ ও শেষ টেস্টে অধিনায়ক অ্যালেস্টার কুকের দৃঢ়তায় পাল্টা জবাব দিচ্ছে ইংল্যান্ড।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jan 2016, 10:27 PM

Updated : 11 Oct 2022, 07:39 PM

শনিবার সুপারস্পোর্ট পার্কে দ্বিতীয় দিনের খেলা শেষে ইংল্যান্ডের সংগ্রহ ২ উইকেটে ১৩৮ রান। কুক ৬৭ ও জো রুট ৩১ রানে ব্যাট করছেন। অবিচ্ছিন্ন তৃতীয় উইকেটে ৬০ রানের জুটি গড়েছেন এই দুই জন।

ইংল্যান্ড এখনও ৩৩৭ রানে পিছিয়ে রয়েছে।

অতিথিদের ইনিংসের শুরুতেই আঘাত হানেন কাগিসো রাবাদা। এই ডানহাতি পেসারের বলে ড্যান পিটকে ক্যাচ দিয়ে ফিরেন অ্যালেক্স হেলস। পরে নিক কম্পটনকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন রাবাদা।

৭৮ রানে দুই উইকেট হারানো ইংল্যান্ডকে এগিয়ে নিচ্ছেন কুক-রুট।  

এর আগে ৫ উইকেটে ৩২৯ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করে দক্ষিণ আফ্রিকা। দিনের শুরুতেই টেম্বা বাভুমাকে (৩৫) হারায় তারা। স্টুয়ার্ট ব্রডের বলে জনি বেয়ারস্টোর গ্লাসভবন্দি হওয়ার আগ এদিন তিন রান যোগ করেন বাভুমা। 

এক রান পর রাবাদাকেও হারায় দক্ষিণ আফ্রিকা। শুরুতেই দুই উইকেট হারানোয় দক্ষিণ আফ্রিকার চারশ’ করা নিয়েই শঙ্কা জাগে। ৩৩৬ রানে ৭ উইকেট হারানো স্বাগতিকদের পৌনে চারশ’ রানে পৌঁছে দেন ডি কক।

ক্যারিয়ারের প্রথম টেস্ট শতক পাওয়ার পথে কাইল অ্যাবটের সঙ্গে ৫০ ও পিটের সঙ্গে ৮২ রানের দুটি চমৎকার জুটি উপহার দেন ডি কক। দক্ষিণ আফ্রিকা ৪৭৫ রানে অলআউট হওয়ার সময় ১২৯ রানে অপরাজিত থাকেন এই উইকেটরক্ষক-ব্যাটসম্যান।

ডি ককের ১২৮ বলের ইনিংসটি ১৭টি চার ও দুটি ছক্কা সমৃদ্ধ। দ্বিতীয় দিন তার ব্যাট থেকে আসে ১০৪ রান।

ডি ককের সঙ্গে অ্যাবট (১৬), পিটের (১৯) প্রতিরোধ গড়া জুটি দুটি ভাঙেন বেন স্টোকস। ৮৬ রানে চার উইকেট নিয়ে এই অলরাউন্ডারই ইংল্যান্ডের সেরা বোলার। এছাড়া ব্রড ও মইন আলি নেন দুটি করে উইকেট।