২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কুক-আমলার শতকে দক্ষিণ আফ্রিকার দিন

স্টিভেন কুক ও হাশিম আমলার শতকে ইংল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরিয়ন টেস্টের প্রথম দিনটি নিজেদের করে নিয়েছে দক্ষিণ আফ্রিকা। দৃঢ় ভিতকে কাজে লাগিয়ে চতুর্থ ও শেষ টেস্টে প্রথম ইনিংসে বড় সংগ্রহে পথে রয়েছে স্বাগতিকরা।

নিজস্ব প্রতিবেদক

>>

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jan 2016, 10:59 PM

Updated : 11 Oct 2022, 07:39 PM

শুক্রবার সুপারস্পোর্ট পার্কে প্রথম দিনের খেলা শেষে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ৫ উইকেটে ৩২৯ রান। কুইন্টন ডি কক ২৫ ও টেম্বা বাভুমা ৩২ রানে ব্যাট করছেন। এরই মধ্যে ৫৬ রানের জুটি গড়েছেন এই দুই জনে।

টানা দুই সিরিজের অনুজ্জ্বল পারফরম্যান্সে দক্ষিণ আফ্রিকা দল থেকে বাদ পড়েন স্টিয়ান ফন জিল। তার জায়গায় খেলতে নেমে নিজের প্রথম ইনিংসেই রেকর্ড বইয়ে ঢুকে পড়েন ৩৩ বছর বয়সী কুক।

টেস্টের ইতিহাসে শততম ব্যাটসম্যান হিসেবে অভিষেকে শতক করেছেন কুক। ১৬৫টি প্রথম শ্রেণির ম্যাচ খেলা ডান হাতি উদ্বোধনী ব্যাটসম্যান যার জায়গায় দলে এসেছেন, সেই ফন জিলও ২০১৪ সালে অভিষেকে করেছিলেন শতক।

কুকের আগে অভিষেকে শতক করেন অস্ট্রেলিয়া অ্যাডাম ভোজেস। চলতি বছরের শুরুতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শতক করেন ৩৬ বছর বয়সী এই মিডল অর্ডার ব্যাটসম্যান।

টস জিতে ব্যাট করতে নেমে ডিন এলগারের সঙ্গে ৩৫ রানের উদ্বোধনী জুটি গড়েন কুক। এলগারের বিদায়ের পরে কুকের সঙ্গে জুটি বাধেন আমলা। এই দুই জনের ৫৩.১ ওভার স্থায়ী ২০২ রানের জুটি দক্ষিণ আফ্রিকাকে বড় সংগ্রহের ভিত গড়ে দেয়।

আমলাকে ফিরিয়ে দক্ষিণ আফ্রিকার জমে উঠা জুটি ভাঙেন ক্রিস ওকস। ২৫তম শতক পাওয়া আমলার (১০৯) ১৬৯ বলের ইনিংসটি ১৯টি চারে গড়া।

টানা দ্বিতীয় ইনিংসে শূন্য রানে ফিরেন এবি ডি ভিলিয়ার্স। জোহানেসবার্গের মতো এবারও তাকে ফিরিয়েছেন স্টুয়ার্ট ব্রড।

শতকে পৌঁছানোর পর বেশিক্ষণ টিকেননি কুক। ওকসের বলে বোল্ড হওয়ার আগে ১১৫ রান করেন তিনি। তার ২১৮ বলের ইনিংসটি গড়া ১৪টি চারে। এরপর জেপি দুমিনি (১৬) ফিরে গেলেও দক্ষিণ আফ্রিকাকে বড় সংগ্রহের পথে রেখেছেন বাভুমা ও কুইন্টন ডি কক।

৫৩ রানে দুই উইকেট নেন ইংল্যান্ডের অফ স্পিন অলরাউন্ডার মইন আলি।