‘১৯০ করতে না পারাটা বেশি হতাশার’
নিজের শতক না পাওয়ার চেয়ে দলের সংগ্রহ আরও বড় না হওয়ায় বেশি হতাশ হ্যামিল্টন মাসাকাদজা।
শুক্রবার খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে জিম্বাবুয়ের জয়ে সবচেয়ে বড় অবদান মাসাকাদজার। মাত্র সাত রানের জন্য শতক না পাওয়া এই উদ্বোধনী ব্যাটসম্যান দলকে ১৮০ রানের বড় সংগ্রহ এনে দেন।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে মাসাকাদজা জানান, দলের সংগ্রহ আরও বড় করার সুযোগ হারানোটা বেশি হতাশ করেছে তাকে, “দলকে ১৯০ পর্যন্ত নিয়ে যেতে না পারায় আমি আরও বেশি হতাশ। আমরা সেখানে পৌঁছানোর মতো ভালো অবস্থানে ছিলাম।”
শেষ পর্যন্ত ৯৩ রানে অপরাজিত থাকেন মাসাকাদজা। ম্যাচ ও সিরিজ সেরা খেলোয়াড়ের ৫৮ বলের ইনিংসটি ৮টি চার ও ৫টি ছক্কা সমৃদ্ধ। জিম্বাবুয়ের কোনো ক্রিকেটারের এটি টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ইনিংস।
শেষ দুই ম্যাচ জিতে ২-২ ব্যবধানে সিরিজ ড্র করে জিম্বাবুয়ে। মাসাকাদজা মনে করেন, ২-০ ব্যবধানে পিছিয়ে পড়ার পরে তারা নিজেদের দৃঢ়তার প্রমাণ দিয়েছেন।
“এমন দারুণ ফেরায় খেলোয়াড়রা নিজেদের তীব্র ইচ্ছা শক্তির প্রমাণ দিয়েছে।”
ছন্দ হারিয়ে কিছু দিন আগেই মাসাকাদজা দলে জায়গা হারিয়েছিলেন। তবে বাংলাদেশের পরিচিত কন্ডিশনে আবার স্বরূপে ফিরেন তিনি। টি-টোয়েন্টি সিরিজে নিজের পারফরম্যান্স নিয়ে সন্তুষ্ট ৩২ বছর বয়সী এই ব্যাটসম্যান।
“আমি ঠিক যেভাবে খেলতে চাই, এখানে সেভাবেই খেলতে পেরেছি। পাওয়ার প্লেতে কিছু শট খেলেছি। পরে মাঝের ওভারগুলোতে অন্যদের একটু সহায়তা করার চেষ্টা করেছি। আর শেষে আবার শট খেলার চেষ্টা করেছি। তবে শেষের দিকে যতটা চেয়েছিলাম ততটা হয়ত মারতে পারিনি।”
