শেষ ‘পরীক্ষায়’ জয়ের প্রত্যাশা
সিরিজ শুরুর আগে থেকে দুই দলই বারবার এটিকে বলে আসছিল পরীক্ষা-নিরীক্ষা ও প্রস্তুতির সিরিজ। তবে শেষ ম্যাচের আগে সব কিছু ছাপিয়ে সামনে উঠে আসছে ফলাফলের বাস্তবতাই। ম্যাচ জিতলে বাংলাদেশ জিতবে সিরিজ। জিম্বাবুয়ে জিতলে সিরিজ ড্র।
তৃতীয় ম্যাচে জিম্বাবুয়ের দারুণ জয়ই বদলে দিয়েছে প্রেক্ষাপট। হারের বলয়ে থাকা দলটি বাংলাদেশে এসেও হেরেছিল প্রথম দুই ম্যাচ। প্রায় সবার অনুমান ছিল, একতরফা একটি সিরিজই হতে যাচ্ছে। ম্যাচের ফলের চেয়ে মুখ্য ছিল নতুনদের পরখ করে নেওয়া। বুধবারের ম্যাচে জিম্বাবুয়ের ঘুরে দাঁড়ানো সিরিজকে দিয়েছে নতুন মাত্রা।
বৃহস্পতিবার আনুষ্ঠানিক অনুশীলন করেনি কোনো দলই। তবে সেটা শেষ ম্যাচকে গুরুত্ব কম দেওয়ার জন্য নয়, বরং ক্রিকেটারদের ক্লান্তি ঝেড়ে খানিকটা চনমনে করার সুযোগ দেওয়ার জন্য।
দুই দলেই এখন জয়ের প্রত্যাশা। বাংলাদেশ দল তো একরকম জরুরি বৈঠকেই বসেছিল সকালে। দীর্ঘ সময় নিয়ে সিরিজের পারফরম্যান্স পর্যালোচনা করা হয়েছে। সব আলোচনার শেষের সিদ্ধান্ত, জিততে হবে শেষ ম্যাচ।
তামিমকে জায়গা দিতে একাদশ থেকে বাদ পড়বেন ইমরুল কায়েস কিংবা মোসাদ্দেক হোসেনের একজন। এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপের একাদশে জায়গা একমদই নিশ্চিত বলে আরাফাত সানিকে খেলানো হয়নি একটি ম্যাচও, পরখ করা হয়েছে অন্যদের। সিরিজ জয়ের তাড়নায় একাদশে ফিরছেন সানিও, বাইরে থাকবেন মুক্তার আলি।
একাদশে পরিবর্তন আসতে পারে আরও একটি। টি-টেয়েন্টি অভিষেকে অনুজ্জ্বল মোহাম্মদ শহীদের জায়গায় ফিরতে পারেন ফাস্ট বোলার তাসকিন আহমেদ।
জিম্বাবুয়ে দলে রহস্যময় বিশ্রাম শেষে এল্টন চিগুম্বুরা ফিরবেন কিনা, বলা মুশকিল। নিয়মিত অধিনায়ককে আসলেই বিশ্রাম দেওয়া হয়েছে, নাকি বাজে ফর্মের কারণে বাদ, সেটি নিয়ে প্রশ্ন আছে। শেষ ম্যাচে এটি নিয়ে থাকবে কৌতুহল। সঙ্গে সিরিজে প্রথমবারের মত সুযোগ পেতে পারেন চামু চিবাবা।
বদল যতটাই হোক, আগের ম্যাচের পারফরম্যান্সই শেষ ম্যাচে বয়ে আনতে চাইবে জিম্বাবুয়ে। একটি জয়ে দলটির ভেতরের গুমোট হাওয়া কেটে গেছে। গত ম্যাচ শেষে ম্যালকম ওয়ালার জানিয়েছিলেন, ড্রেসিং রুমে সবার মুখে ফিরেছে হাসি। এই নির্ভার থাকাটাও পক্ষে কাজ করবে জিম্বাবুইয়ানদের।
বাংলাদেশের ভাবনা অবশ্য নিজেদের নিয়েই। সামর্থ্য অনুযায়ী খেলতে পারলে না জেতার কারণ নেই। তবে এই সংস্করণে বাংলাদেশের ধারাবাহিকতার অভাব এতটাই যে সামর্থ্যটা আসলে প্রশ্নবিদ্ধ। সিরিজ জিততে পারলে হয়ত একটু আড়াল হবে কিছু প্রশ্ন।
সিরিজটি পরীক্ষার ও প্রস্তুতির, তবে জয়ের স্বস্তিটাও যে গুরুত্বপূর্ণ। শেষ ম্যাচে সেই স্বস্তির খোঁজেই নামবে বাংলাদেশ।
