২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চাপ নিচ্ছেন না মাশরাফি

জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ জিততে হলে শেষ ম্যাচে জিততেই হবে বাংলাদেশকে। তবে এটিকে বাড়তি কোনো চাপ মনে করছেন না অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jan 2016, 07:18 PM

Updated : 12 Apr 2022, 01:15 AM

চার ম্যাচ সিরিজের প্রথম দুটি ম্যাচে জিতে সিরিজ জয়ের দুয়ারে ছিল বাংলাদেশ। তবে তৃতীয় টি-টোয়েন্টিতে দারুণ জয়ে টিকে রয়েছে জিম্বাবুয়ে। শুক্রবার শেষ ম্যাচেই হবে তাই সিরিজের ফয়সালা।

‘জিততে হবে’, এই পরিস্থিতি সব সময়ই বাড়তি চাপ সৃষ্টি করে যে কোনো দলের ওপর। তবে তৃতীয় ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে মাশরাফি বলেছেন, চাপটাকে বড় করে দেখছে না দল।

“আমি মনে করি না যে চাপ। এর চেয়ে বেশি চাপে তো আমরা খেলেছি। যদিও টি-টোয়েন্টির বাস্তবতা বিবেচনা করলে হয়ত অন্যরকম, এই সংস্করণ হয়ত আমরা ততটা ভালো খেলি না। তারপরও এত বেশি কিছু ভাবছি না। এখনও তো আমরাই এগিয়ে আছি সিরিজে।”

অধিনায়ক জানালেন, শেষ ম্যাচে দলের ভাবনায় থাকবে পরিকল্পনার বাস্তবায়ন।

“জয়টা অবশ্যই মুখ্য থাকবে আমাদের। তবে আমাদের ভালো পরিকল্পনা করতে হবে। মাঠে নেমে সেই পরিকল্পনাগুলো বাস্তবায়ন করাই হবে লক্ষ্য।