ধাওয়ান-কোহলির শতকের পরও ভারতের হার
আগের তিন ম্যাচে একটি করে শতক থাকার পরও জিততে পারেনি ভারত। অস্ট্রেলিয়ার বিপক্ষে চতুর্থ ওয়ানডেতে দুই জন ব্যাটসম্যান শতক করার পরও সেই হারের বৃত্তেই রয়েছে মহেন্দ্র সিং ধোনির দল। অ্যারন ফিঞ্চের শতকের পর কেন রিচার্ডসনের ক্যারিয়ার সেরা বোলিংয়ে দারুণ এক জয় পেয়েছে অস্ট্রেলিয়া।
২৫ রানের এই জয়ে পাঁচ ম্যাচের সিরিজে ৪-০ ব্যবধানে এগিয়ে রয়েছে অস্ট্রেলিয়া। আগামী শনিবার সিডনিতে হবে পঞ্চম ও শেষ ওয়ানডে।
ক্যানবেরার ম্যানুকা ওভালে বুধবার টস জিতে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ৩৪৮ রান করে অস্ট্রেলিয়া। জবাবে চার বল বাকি থাকতে ৩২৩ রানে অলআউট হয়ে যায় ভারত।
লক্ষ্য তাড়া করতে নেমে রোহিত শর্মার সঙ্গে ৬৫ রানের উদ্বোধনী জুটিতে ভারতকে উড়ন্ত সূচনা এনে দেন শিখর ধাওয়ান। ২৫ বলে ৪১ রান করে রোহিত ফিরে গেলে ভাঙে ৮ ওভার স্থায়ী জুটি।
দ্বিতীয় উইকেটে ধাওয়ান-কোহলির ২১২ রানের বিশাল জুটিতে এক সময়ে ম্যাচ নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেয় ভারত। ২৯.৩ বল স্থায়ী দ্বিতীয় উইকেট ভেঙে স্বাগতিকদের ম্যাচে ফেরান জন হেস্টিংস।
নবম শতক পাওয়া ধাওয়ানের ১১৩ বলের ইনিংসটি সাজানো ১৪টি চার ও দুটি ছক্কায়।
সেই ওভারে ভারতের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকেও ফিরিয়ে দেন হেস্টিংস। আর এরপর ভারতের মিডল অর্ডার ধসিয়ে দেন রিচার্ডসন।
এক রান পরেই ফিরে যান শতক পাওয়া আরেক ব্যাটসম্যান কোহলি। রিচার্ডসনের বলে স্টিভেন স্মিথের হাতে ধরা পড়ার আগে ১০৬ রান করেন ভারতের টেস্ট অধিনায়ক। তার ৯২ বলের ইনিংসটি ১১টি চার ও একটি চার সমৃদ্ধ।
এক সময়ে ভারতের স্কোর ছিল ১ উইকেটে ২৭৭ রান। পরের ৩৭ বলে ৩১ রান যোগ করতে ছয় উইকেট হারিয়ে ভীষণ বিপদে পড়ে অতিথিরা।
ভারতের আশা বাঁচিয়ে তখনও ক্রিজে ছিলেন রবিন্দ্র জাদেজা। শেষ পর্যন্ত ২৪ রানে অপরাজিত থাকলেও ভারতের হার এড়াতে পারেননি তিনি।
৬৮ রানে পাঁচ উইকেট নিয়ে অস্ট্রেলিয়ার সেরা বোলার রিচার্ডসন। ১১ ওয়ানডের ক্যারিয়ারে এই প্রথম পাঁচ উইকেট পেলেন তিনি।
এর আগে শুরুটা দারুণ করে অস্ট্রেলিয়া। ডেভিড ওয়ার্নার ও ফিঞ্চ উদ্বোধনী জুটিতে ১৮৭ রান এনে দেন স্বাগতিকদের।
১০৭ বলে ৯টি চার ও দুটি ছয়ে ১০৭ রান করেন ফিঞ্চ।
ভারতের বিপক্ষে শতকটি করার পথে ওয়ানডে ক্রিকেটে ২ হাজার রানও পূর্ণ করেন ফিঞ্চ। ২ হাজার রান করতে তিনি ইনিংস খেলেন ৫৪টি। দুই হাজার রানের মাইলফলক পেরোতে তার চেয়ে কম ইনিংস খেলা অস্ট্রেলিয়ার ব্যাটসম্যান আছেন আর দুজন।
তবে এই লক্ষ্যে ব্যাট করতে নেমে এক সময়ে ৭২ বলে ৭২ রান দরকার ছিল ভারতের, হাতে ছিল ৭ উইকেট। কিন্তু রিচার্ডসনদের দারুণ বোলিংয়ে আপাত সহজ সেই কাজটি করতে না পারায় আরেকটি হার এড়াতে পারেনি ভারত।
