২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গাপটিল-উইলিয়ামসনের ব্যাটে উড়ে গেল পাকিস্তান

মার্টিন গাপটিল ও কেন উইলিয়ামসনের ব্যাটে দ্বিতীয় টি-টোয়েন্টিতে নিউ জিল্যান্ডের কাছে উড়ে গেছে পাকিস্তান। সফরকারীদের ১০ উইকেটে হারিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-১-এ সমতা এনেছে স্বাগতিকরা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jan 2016, 02:09 PM

Updated : 11 Oct 2022, 07:37 PM

পুরনো খবর:

গাপটিল-উইলিয়ামসন জুটির বিশ্ব রেকর্ড

হ্যামিল্টনে রোববার পাকিস্তানের দেওয়া ১৬৯ রানের লক্ষ্যে ১৪ বল হাতে রেখেই পৌঁছে যায় স্বাগতিকরা।

৯টি চার ও ৪টি ছয়ে গাপটিল ৫৮ বলে ৮৭ রান করে অপরাজিত ছিলেন। আর উইলিয়ামসন ৪৮ বলে অপরাজিত ৭২ রান করেন ১১টি চারে।

দলকে বড় ব্যবধানের জয় এনে দেওয়ার পথে উইলিয়ামসন ও গাপটিল টি-টোয়েন্টিতে যে কোনো উইকেটে সর্বোচ্চ রানের জুটি গড়েন।

শোয়েব মালিকের করা ইনিংসের অষ্টাদশ ওভারের চতুর্থ বলে চার মারেন গাপটিল। আর এতেই গাপটিল ও উইলিয়ামসনের উদ্বেধনী জুটিতে ওঠে অবিচ্ছিন্ন ১৭১ রান।

এর আগে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রানের জুটিটি ছিল দক্ষিণ আফ্রিকার গ্রায়েম স্মিথ ও লুটস বসম্যানের। সেঞ্চুরিয়নে ২০০৯ সালে ইংল্যান্ডের বিপক্ষে উদ্বোধনী জুটিতে ১৭০ রান তুলেছিলেন তারা।    

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে উমর আকমলের ঝড়ো ব্যাটিংয়ে ৭ উইকেটে ১৬৮ রান করে পাকিস্তান।

হ্যামিল্টনে রোববার টসে জিতে ব্যাট করতে নেমে শুরুটা তেমন ভালো হয়নি পাকিস্তানের। দুই উদ্বোধনী ব্যাটসম্যান আহমেদ শেহজাদ ও মোহাম্মদ হাফিজ (২৩ বলে ১৯) দ্রুত রান তুলতে পারেননি।

শোয়েব মাকসুদও বিশের ঘরে পৌঁছানোর আগে আউট হলে জুটি বাধেন শোয়েব মালিক ও উমর আকমল।

চতুর্থ উইকেটে ৬৩ রানের জুটি গড়ার পথে রানের গতিও বাড়ান দুজন। ৫টি চারে ৩০ বলে ৩৯ রান করে মিচেল ম্যাকক্লেনাগ্যানের বলে মালিক বোল্ড হলেও ইনিংসের শেষ পর্যন্ত ব্যাট চালিয়ে যান আকমল। শেষ ১০ ওভারে ১০৮ রান তোলে অতিথিরা।

৪টি করে চার ও ছক্কায় ২৭ বলে ৫৬ রান করে অপরাজিত থাকেন আকমল।

স্বাগতিকদের সবচেয়ে সফল বোলার ম্যাকক্লেনাগ্যান রান কম দেওয়ার পাশাপাশি উইকেটও নিয়েছেন দুটি (২৩/২)।

সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ১৬ রানে জিতেছিল পাকিস্তান। সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ আগামী শুক্রবার ওয়েলিংটনে।