ব্রডের তোপে সিরিজ ইংল্যান্ডের
স্টুয়ার্ট ব্রডের অসাধারণ এক স্পেলে তিন দিনেই জোহানেসবার্গ টেস্টে জয় পেয়েছে ইংল্যান্ড। তৃতীয় টেস্টে দক্ষিণ আফ্রিকাকে বিধ্বস্ত করে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ নিশ্চিত করেছে অতিথিরা।
৭ উইকেটের এই জয়ে চার ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেছে ইংল্যান্ড। আগামী শুক্রবার সেঞ্চুরিয়নে শুরু হবে চতুর্থ ও শেষ টেস্ট।
শনিবার ৩৬ বলের মধ্যে ১ রানে পাঁচ উইকেট নিয়ে ম্যাচের গতি প্রকৃতি নির্ধারণ করে দেন ব্রড। টেস্টে এটি ব্রডের পাঁচ উইকেটের সপ্তম স্পেল। তার দাপটে বিনা উইকেটে ২৩ থেকে স্বাগতিকদের স্কোর দাঁড়ায় ৩৫/৫।
এই ধাক্কা আর সামলে উঠতে পারেনি দক্ষিণ আফ্রিকা। ৩৩.১ ওভারে ৮৩ রানে গুটিয়ে যায় দলটির দ্বিতীয় ইনিংস। ১৯৯২ সালে ক্রিকেটে ফেরার পর দেশের মাটিতে এটি তাদের সর্বনিম্ন ইনিংস। এর আগে ২০০৬ সালে ভারতের বিপক্ষে ৮৪ রান ছিল সর্বনিম্ন।
শেষ পর্যন্ত ১৭ রানে ৬ উইকেট নেন ব্রড। দারুণ এক ফিরতি ক্যাচ নিয়ে ফাফ দু প্লেসিকে ফিরিয়ে স্বাগতিকদের ইনিংসের শেষটা টানেন তিনিই। টেস্টে এনিয়ে ১৫ বার পাঁচ উইকেট নিলেন ব্রড।
জোহানেসবার্গ টেস্টে ৮ উইকেট নিয়ে বব উইলিসকে (৩২৫) পেছনে ফেলে ইংল্যান্ডের সর্বোচ্চ উইকেট শিকারীদের তালিকার তিন নম্বরে উঠে এসেছেন ব্রড (৩৩০)। টেস্টে তার সামনে আছেন কেবল জেমস অ্যান্ডারসন (৪২৯) ও অলরাউন্ডার ইয়ান বোথাম (৩৮৩)।
১০ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করা দক্ষিণ আফ্রিকার বিপর্যয়ের শুরু হয় ব্রডের বলে ডিন এলগারের (১৫) বিদায় দিয়ে। এরপর একে একে স্টিয়ান ফন জিল, হাশিম আমলা, ফাফ দু প্লেসি ও টেম্বা বাভুমাকে ফিরিয়ে দেন ব্রড।
ফন জিলের ব্যাটের বাইরের কানায় লেগে বল যায় বেন স্টোকসের কাছে। এবি ডি ভিলিয়ার্সের ভেতরের কানায় লাগা বল গ্লাভসবন্দি করেন জনি বেয়ারস্টো। শর্ট লেগে জেমস টেইলরের চমৎকার দুই ক্যাচে পরিণত হন আমলা ও ভিলাস। শর্ট বল ভেবে ছেড়ে দিয়ে বোল্ড হন বাভুমা।
৭৪ রানের ছোট লক্ষ্য তাড়া করতে ৬৪ রানের উদ্বোধনী জুটিতে দলকে ভালো সূচনা এনে দেন অ্যালেস্টার কুক ও অ্যালেক্স হেলস।
১৮ উইকেট পতনের দিনে জয়ের কাছে গিয়ে ফিরে যান কুক (৪৩), হেলস ও নিক কম্পটন। তবে জো রুট ও টেইলর বাকি কাজটুকু সহজেই সারেন।
এর আগে নিউ ওয়ান্ডারার্স স্টেডিয়ামে ৫ উইকেটে ২৩৮ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করে ইংল্যান্ড। শুরুতেই আগের দিন শতক পাওয়া রুটকে ফিরিয়ে দেন রাবাদা। তবে বেয়ারস্টোয়ার (৪৫) দৃঢ়তায় প্রথম ইনিংসে ১০ রানের ছোট্ট লিড নেয় ইংল্যান্ড।
প্রথম ইনিংসে ইংল্যান্ডকে ৩২৩ রানে গুটিয়ে দেওয়ায় সবচেয়ে বড় অবদান রাবাদার। ৭৮ রানে ৫ উইকেট নেন এই তরুণ পেসার। এছাড়া মর্নে মর্কেল তিন উইকেট নেন ৭৬ রানে।
