বাংলাদেশের বিপক্ষে ‘স্মার্ট ব্যাটিং’ চান আতাপাত্তু
বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে শিষ্যদের কাছ থেকে ‘স্মার্ট ব্যাটিং’ চান জিম্বাবুয়ের ব্যাটিং পরামর্শক মারভান আতাপাত্তু।
আপাতত কেবল বাংলাদেশ সফরে হ্যামিল্টন মাসাকাদজা, এল্টন চিগুম্বুরাদের ব্যাটিং পরামর্শক হিসেবে কাজ করেছেন আতাপাত্তু। সংক্ষিপ্ত সময়ের মধ্যে শিষ্যদের যতটা সম্ভব প্রস্তুত করতে চান শ্রীলঙ্কার এই সাবেক অধিনায়ক।
“আমরা স্মার্ট ব্যাটিং করতে পারিনি। আমরা এটা শুধরে নেওয়ার চেষ্টা করব। এবং কালকের ম্যাচে আরো ভালো করার চেষ্টা করব।”
বাংলাদেশ সফরে আসার আগে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ হেরেছে জিম্বাবুয়ে। সামনে তাই বড় চ্যালেঞ্জ দেখছেন আতাপাত্তু।
“আমি তাদের সঙ্গে এই সিরিজের শেষ পর্যন্ত আছি। ডেভের সঙ্গে কাজ করছি, ওকে আমি অনেক বছর ধরেই চিনি। আগামী ১০ দিন আমি তাদের কৌশলগত দিকগুলোতে সাহায্য করব।”
বাংলাদেশ, পাকিস্তানের সাবেক কোচ হোয়াটমোর দুই দফায় কোচিং করান শ্রীলঙ্কাকে। তার সঙ্গে ১৭ বছর দেশের হয়ে ক্রিকেট খেলা আতাপাত্তুর সম্পর্কটা বেশ পুরনো, “সব সময়ই আমাদের ভালো সম্পর্ক ছিল। সে দারুণ মানুষ। তার সাথে কাজ করতে পেরে আমি নিজেকে সৌভাগ্যবান মনে করি। একই সঙ্গে অভিজ্ঞতা, জ্ঞান বিনিময় করার এটা দারুণ সুযোগ।”
