২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তিন নম্বরেই স্বচ্ছন্দ সাব্বির

টি-টোয়েন্টিতে তিন নম্বর পজিশনটাকেই আপন করে নিতে চান সাব্বির রহমান। তবে দল চাইলে আপত্তি নেই অন্য জায়গায় ব্যাট করতেও।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jan 2016, 07:03 PM

Updated : 12 Apr 2022, 01:13 AM

প্রথম টি-টোয়েন্টিতে তিনে নেমে ৩৬ বলে ৪৬ রানের দারুণ এক ইনিংস খেলেছেন সাব্বির। এর আগে তিনে সাফল্য পেয়েছেন বিপিএলের শেষ ভাগেও। টুর্নামেন্টের প্রায় পুরোটা জুড়ে রান খরায় ভুগলেও রানে ফেরেন তিন নম্বরে নামতেই। এলিমিনেটর ম্যাচে করেছিলেন ৪১, দ্বিতীয় কোয়ালিফায়ারে ম্যাচ জয়ী অসাধারণ ৭৯।

শনিবার শেখ আবু নাসের স্টেডিয়ামে অনুশীলনের ফাঁকে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সাব্বির জানালেন, থাকতে চান তিন নম্বরেই।

“এর আগেও আমি টি-টোয়েন্টিতে তিনে ব্যাটিং করে সফলতা পেয়েছি। চেষ্টা করছি তিনে ব্যাটিং করার জন্যে। শুরুতে পেস বোলিংয়ের মুখোমুখি হতে চাই, পরে মাঝের ওভারে স্পিন খেলার সময় ফ্রি হয়ে খেলা যায়। এজন্যই আমার পরিকল্পনা তিনে খেলার।”

তবে পরীক্ষা-নিরীক্ষার পালায় টানা এক পজিশনে সুযোগ নাও পেতে পারন সাব্বির। দল তেমন কিছু চাইলে সেই দাবিও পূরণ করতে প্রস্তুত সাব্বির।

“আরও নীচে, পাঁচ বা ছয়ে, যেখানেই হোক না কেন, আমি ব্যাটিং করতে পারব। দলের সিদ্ধান্তের ওপর নির্ভর করবে। আমি সবসময়ই যে কোনো জায়গায় খেলতে প্রস্তুত। আমি ফ্লেক্সিবল আছি।”