২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রথম বলেই উইকেটে রেকর্ড বইয়ে ভিলিওন

টেস্ট ক্যারিয়ারের প্রথম বলেই উইকেট নিয়ে রেকর্ড বইয়ে নাম লিখিয়েছেন দক্ষিণ আফ্রিকার পেসার হার্ডাস ভিলিওন।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jan 2016, 05:48 PM

Updated : 12 Apr 2022, 01:13 AM

টেস্ট ক্যারিয়ার শুরুর আগেই প্রথম শ্রেণির ক্রিকেটে ২৯৬ উইকেট ছিল ভিলিওনের ঝুলিতে। তবে এই সব উইকেটের সম্মিলিত আনন্দও বুঝি ছাপিয়ে গেল একটি উইকেটে। বহু আরাধ্য টেস্ট ক্যাপ পেয়েছেন ইংল্যান্ডের বিপক্ষে জোহানেসবার্গ টেস্টে। আর নিজের প্রথম বলেই নিলেন উইকেট!

জোহানেসবার্গ টেস্টের দ্বিতীয় দিনে এই কীর্তি গড়েন ভিলিওন। লাঞ্চের খানিক আগে বল হাতে পেয়েই আউট করেন অ্যালেস্টার কুককে। লেগ স্টাম্পে থাকা বল গ্ল্যান্স করতে গিয়ে উইকেটের পেছনে ক্যাচ দেন ইংলিশ অধিনায়ক।

টেস্ট ক্রিকেটের প্রায় ১৩৯ বছরের ইতিহাসে ক্যারিয়ারের প্রথম বলেই উইকেট শিকারের মাত্র ২০তম নজির এটি; দক্ষিণ আফ্রিকার হয়ে তৃতীয়।

প্রথম বলে উইকেট শিকারের সবশেষ কীর্তিটিও ছিল দক্ষিণ আফ্রিকারই একজনের। ২০১৪ সালে জিম্বাবুয়ের মার্ক ভারমিউলেনকে আউট করেছিলেন অফ স্পিন ডেন পিট। প্রোটিয়াদের হয়ে প্রথম বলেই উইকেট নেওয়া আর একমাত্র বোলার বাট ভোলগার, ১৯০৬ সালে জোহানেসবার্গে ইংল্যান্ডের বিপক্ষেই।

সব মিলিয়ে টেস্ট ক্যারিয়ারের প্রথম বলেই উইকেট শিকারি প্রথম বোলার যিনি, তিনি মূলত ছিলেন ব্যাটসম্যান! ১৮৮৩ সালে ইংল্যান্ডে বিপক্ষে সিডনিতে ওয়াল্টার রিডকে আউট করেছিলেন অস্ট্রেলিয়ার অনিয়মিত বোলার টম হোরান।

বাংলাদেশের কেউ এখনও গড়তে পারেননি এই কীর্তি। তবে এই তালিকায় বাংলাদেশের নাম উঠেছে একবার। ২০০২ সালে কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে বাংলাদেশের বিপক্ষেই টেস্ট অভিষেকে প্রথম বলে উইকেট পেয়েছিলেন চামিলা গামাগে। আউট করেছিলেন মোহাম্মদ আশরাফুলকে।