রোহিতের আরেকটি শতকের পরও ভারতের হার
অস্ট্রেলিয়ায় টানা দ্বিতীয় ম্যাচে শতক পেলেন রোহিত শর্মা, কিন্তু এ ম্যাচেও জিততে পারল না ভারত। প্রথম ম্যাচের মতো দ্বিতীয় ওয়ানডেতেও সহজ জয় পেয়েছে অস্ট্রেলিয়া।
৭ উইকেটের এই জয়ে পাঁচ ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল অস্ট্রেলিয়া। আগামী রোববার মেলবোর্নে হবে তৃতীয় ওয়ানডে।
শুক্রবার গ্যাবায় টস জিতে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ৩০৮ রান করে ভারত। জবাবে এক ওভার বাকি থাকতেই ৩ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় অস্ট্রেলিয়া। আগের ম্যাচেই রোহিতের শতকে ৩১০ রানের লক্ষ্য দিয়েও ৫ উইকেটে হেরেছিল ভারত।
বড় লক্ষ্য তাড়া করতে নেমে অস্ট্রেলিয়াকে ভালো সূচনা এনে দেন অ্যারন ফিঞ্চ ও শন মার্শ। তাদের ২৪.৫ ওভার স্থায়ী ১৪৫ রানের জুটিই স্বাগতিকদের জয়ের ভিত গড়ে দেয়।
২১ রানের ব্যবধানে ফেরা দুই উদ্বোধনী ব্যাটসম্যান খেলে ৭১ রানের ভালো দুটি ইনিংস। ফিঞ্চর ৮১ বলের ইনিংসটি গড়া ৭টি চার ও একটি ছক্কায়। মার্শের ৮৪ বলের ইনিংসটি সাজানো ৫টি চারে।
গত ম্যাচে দুইশ’ রানের জুটি গড়েছিলেন অধিনায়ক স্টিভেন স্মিথ ও বেইলি। এবার তত বড় হয়নি তাদের জুটি। উমেশ যাদবের বলে স্মিথের (৪৬) বোল্ডে ভাঙে তাদের ৭৮ রানের জুটি।
গ্লেন ম্যাক্সওয়েলকে নিয়ে বাকি কাজটুকু সহজেই সারেন বেইলি। অবিচ্ছিন্ন ৬৫ রানের জুটিতে ম্যাক্সওয়েলের অবদান ২৬ রান। শেষ পর্যন্ত ৭৬ রানে অপরাজিত থাকেন বেইলি। তার ৫৮ বলের আক্রমণাত্মক ইনিংসটি গড়া ৬টি চার ও একটি চারে।
এর আগে শেষ পর্যন্ত বড় সংগ্রহ গড়লেও শুরুটা ভালো হয়নি মহেন্দ্র সিং ধোনির দলের। তৃতীয় ওভারেই শিখর ধাওয়ানকে হারায় অতিথিরা। আগের ম্যাচের মতোই রোহিত-কোহলির ব্যাটে প্রতিরোধ গড়ে ভারত।
কোহলির রান আউটে ভাঙে ১২৫ রানের চমৎকার জুটি। ৬৭ বলে ৫৯ রান করে ফিরে যান ভারতের টেস্ট অধিনায়ক। বলের সঙ্গে পাল্লা দিয়ে রান তোলা রাহানের সঙ্গে রোহিতের ১২১ রানের আরেকটি ভালো জুটি ভারতকে বড় সংগ্রহের পথে নিয়ে যায়।
অতিথিদের তৃতীয় উইকেট জুটিও ভাঙে রান আউটে। এবার ফিরে যান গ্রায়েম হিক ও ভিভিএস লক্ষ্মণের পর অস্ট্রেলিয়ায় স্বাগতিকদের বিপক্ষে টানা দুই ওয়ানডেতে শতক করা রোহিত।
১২৭ বলে খেলা রোহিতের ১২৪ রানের ইনিংসটি ১১টি চার ও তিনটি ছক্কা সমৃদ্ধ। এটি রোহিতের দশম শতক, অস্ট্রেলিয়ার বিপক্ষে পঞ্চম। এই শতকে পৌঁছনোর পথে ভাগ্যেরও সহায়তা পেয়েছেন রোহিত। ব্যক্তিগত ৮৯ রানে বল তার ব্যাট ছুঁয়ে উইকেটরক্ষকের গ্লাভসে জমা পড়লেও আম্পায়ারের বিতর্কিত সিদ্ধান্তে বেঁচে যান তিনি।
এই ইনিংস খেলার পথে ভারতের ব্যাটিং কিংবদন্তি শচিন টেন্ডুলকারকে ছাড়িয়ে গেছেন রোহিত। অস্ট্রেলিয়ার বিপক্ষে সবচেয়ে কম ২১ ইনিংস খেলে পাঁচ শতকের রেকর্ড ছিল টেন্ডুলকারের অধিকারে। এক ইনিংস কম খেলে পাঁচ শতক পেয়েছেন রোহিত।
দলকে তিনশ’ রানের কাছাকাছি নিয়ে যাওয়ার পর ফিরে যান রাহানে (৮৯)। তার ৮০ বলের আক্রমণাত্মক ইনিংসটি সাজানো ৬টি চার ও একটি ছক্কায়। শেষের দিকে নিয়মিত বিরতিতে উইকেট হারানোয় অতিথিদের সংগ্রহ আরও বড় হয়নি।
দিন শেষে তাই হার এড়াতে পারেনি ভারত। মার্শ-ফিঞ্চ-বেইলির তিনটি চমৎকার ইনিংসে সিরিজ জয়ের পথে আরেক ধাপ এগিয়ে গেছে অস্ট্রেলিয়া।
