২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশ বলেই আশাবাদী চিগুম্বুরা

সাম্প্রতিক ফর্ম ভালো নয় জিম্বাবুয়ের। তবে বাংলাদেশে আসা-যাওয়া ইদানিং নিয়মিত বলেই আশার জায়গা দেখছেন অধিনায়ক এল্টন চিগুম্বুরা।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jan 2016, 08:40 PM

Updated : 11 Oct 2022, 07:35 PM

গত নভেম্বরেই বাংলাদেশে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলে গেছে জিম্বাবুয়ে। এরপর বিপিএলে খেলেছেন চিগুম্বুরা, ম্যালকম ওয়ালাররা। জিম্বাবুয়ে জাতীয় দল মোটামুটি নিয়মিত বিরতিতেই আসছে এখানে, বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে জিম্বাবুয়ের বেশ কজন ক্রিকেটার খেলে নিয়মিতই।

সব মিলিয়ে বাংলাদেশের কন্ডিশন আর আগের মত প্রতিকূল নয় জিম্বাবুয়ের জন্য, ক্রিকেটারদের ভেতর-বাহিরও অনেকটাই জানা। সিরিজ শুরুর আগের দিন শেখ আবু নাসের স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে এটি বললেন চিগুম্বুরাও।

“আমাদের ছেলেরা অনেকেই এখানে খেলেছে, যেটি বাড়তি একটি সুবিধা। যত বেশি আমরা এখানে খেলছি, অন্য প্রতিপক্ষের চেয়ে পরস্পরকে আমরা বেশি জানতে শুরু করেছি। অনেকেই এখানকার ঘরোয়া লিগে খেলেছে বলে আমরা জানি বাংলাদেশের ক্রিকেটারদের খেলার ধরন। আমাদের স্রেফ নিশ্চিত করতে হবে, পরিকল্পনাগুলোর বাস্তবায়ন যেন আমরা ঠিকমত করতে পারি।”

জিম্বাবুয়ে অধিনায়কের বিশ্বাস, প্রক্রিয়াগুলো ঠিক রাখতে পারলে ফলও পক্ষে আসবে।

“আমাদের স্রেফ নিশ্চিত করতে হবে যেন নিজেদের সেরাটা দেই। পক্রিয়াগুলো ভুলে গেল চলবে না। নিজেদের সহজাত খেলাটা খেলতে হবে এবং অতীতে যে ভুলগুলো করেছি, সেগুলো ঠিক করতে হবে। আশা করি, ভালো একটি ম্যাচ খেলতে পারব আমরা।”

চার ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথমটি শুক্রবার শুরু হবে বেলা ৩টায়।