দ্বিতীয় দিনে আরিফুলের শতক
ফরহাদ হোসেনের পর তিন অঙ্কে পৌঁছেছেন আরিফুল হকও। এই দুই জনের দৃঢ়তায় বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) প্রথম রাউন্ডের ম্যাচে চারশ’ রানের কাছাকাছি গেছে উত্তরাঞ্চলের সংগ্রহ। এক সময়ে চাপে পড়া দক্ষিণাঞ্চল জবাব দিচ্ছে তাইবুর রহমান ও ফরহাদ রেজার ব্যাটে।
বুধবার রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে দ্বিতীয় দিনের খেলা শেষে দক্ষিণাঞ্চলের সংগ্রহ ৫ উইকেটে ২৩১ রান। তাইবুর ৩৬ ও ফরহাদ রেজা ৪১ রানে ব্যাট করছেন। অবিচ্ছিন্ন ষষ্ঠ উইকেটে ৫৯ রানের জুটি গড়েছেন এই দুই জনে।
এখনও ১৬১ রানে পিছিয়ে রয়েছে দক্ষিণাঞ্চল।
শাহরিয়ার নাফীসের (২৫) সঙ্গে সঙ্গে ৫৮ ও তুষার ইমরানের সঙ্গে ৮০ রানের দুটি ভালো জুটিতে প্রাথমিক ধাক্কা সামাল দেন ফজলে মাহমুদ। ৪৭ রান করে তুষার ফিরে যাওয়ার পর মোহাম্মদ মিঠুন দ্রুত তাকে অনুসরণ করলে চাপে পড়ে দক্ষিণাঞ্চল।
দলীয় ১৭২ রানে পঞ্চম ব্যাটসম্যান হিসেবে মাহমুদ (৭০) বিদায় নিলে দক্ষিণাঞ্চলের ওপর চাপ অনেক বাড়ে। তবে দিনের বাকি সময়টুকু নিরাপদেই কাটিয়ে দিয়েছেন তাইবুর ও ফরহাদ।
উত্তরাঞ্চলের সানজামুল ইসলাম ২ উইকেট নেন ৬১ রানে।
এর আগে ৬ উইকেটে ২৯১ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করে উত্তরাঞ্চল। আগের দিনের ৫১ রানের জুটিকে এদিন ১৪০ পর্যন্ত এগিয়ে নেন আরিফুল-সানজামুল। ৪৬ রান করে সানজামুল ফিরে যাওয়ার পর আর বেশি দূর এগোয়নি দলটির সংগ্রহ।
১২ রানে শেষ চার উইকেট হারানো উত্তরাঞ্চলের ইনিংস গুটিয়ে যায় ৩৯২ রানে। নবম ব্যাটসম্যান হিসেবে আউট হওয়ার আগে ১১৫ রানের চমৎকার এক ইনিংস খেলেন আরিফুল। প্রথম শ্রেণির ক্রিকেটে এটি তার তৃতীয় শতক। আরিফুলের ১৪০ বলের ইনিংসটি ১৬টি চারে গড়া।
দক্ষিণাঞ্চলের সোহাগ গাজী (৪/১১১) ও অধিনায়ক রাজ্জাক (৪/১৬২) চারটি করে উইকেট নেন।
