২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সত্যিকারের ফাস্ট বোলার খুঁজছে বাংলাদেশ

অতীতের ভুল থেকে শিক্ষা নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এবার শুধু গতি দেখছে না দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি। শুদ্ধ বোলিং অ্যাকশনের সত্যিকারের ফাস্ট বোলার খুঁজছে তারা।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jan 2016, 07:59 PM

Updated : 11 Oct 2022, 07:34 PM

মঙ্গলবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে সাবেক পেসার ও বিসিবির পরিচালক জালাল ইউনুস জানান, জাতীয় দলের পেসারদের ‘ব্যাকআপ’ খুঁজছেন তারা। তাই শুধু পেসার হলেই হবে না, হতে হবে সত্যিকারের ফাস্ট বোলার।

‘রবি ফাস্ট বোলার হান্ট’ -এ অংশ নিতে এবার রয়েছে বয়স ও উচ্চতার বাধ্যবাধকতা। ১৬ থেকে ২৩ বছরের ছেলে ও মেয়েরা এতে অংশ নিতে পারবে। ছেলেদের ক্ষেত্রে ন্যূনতম উচ্চতা হতে হবে সাড়ে পাঁচ ফুট ও মেয়েদের পাঁচ ফুট।

বিসিবির সহ-সভাপতি মাহবুব আনাম জানান, গত দুইবারের পেসার হান্টের ভুল থেকে তারা শিক্ষা নিয়েছেন। তাই এবার শারীরিক ও বয়স পরীক্ষা করা হবে। বোলাররা সঠিক অ্যাকশনে বোলিং করে কি না তাও দেখা হবে।

প্রথম দুই আসরে রুবেল হোসেন, শফিউল ইসলামের মতো পেসার বের হয়ে এলেও সেই দুইবার অনেক পেসারই এসেছিলেন যাদের বোলিং অ্যাকশন সঠিক ছিল না। 

নতুন পেসার খোঁজার কাজটির সঙ্গে যুক্ত থাকবে বিসিবির হাই পারফর‍ম্যান্স ইউনিট। এই ইউনিটের মহাব্যবস্থাপক স্টুয়ার্ট কার্পিনেন জানান, কয়েকটি পরীক্ষার মধ্য দিয়ে আসতে হবে এক জন পেসারকে।

“এক জনের উচ্চতা আর তার বোলিং অ্যাকশন যদি সঠিক থাকে তাহলে গতি কম থাকলেও সমস্যা নেই। সেটা বাড়ানোর চেষ্টা করা যায় কি না তা আমরা দেখব। কেউ যদি জোরে বোলিং করে আর যদি তার বোলিং অ্যাকশনে সমস্যা থাকে তাহলে সেটাও আমরা দেখব। যদি সংশোধন করার মতো পর্যায়ে থাকে সে সুযোগ পেতে পারে।”

কার্পিনেন মনে করেন, পেসার হান্টে সম্ভাবনমায় পেসার পাওয়া গেলে তাদের জাতীয় দলের জন্য তৈরি করতে লম্বা সময়ের প্রয়োজন হবে। এই সময়ে তাদের দক্ষতা বৃদ্ধির সঙ্গে চোট থেকে বাঁচার শিক্ষাও দেবেন হাই পারফরম্যান্স ইউনিটের কোচেরা।

১ জানুয়ারি থেকে শুরু শুরু হয়েছে পেসার হান্টের নিবন্ধন। চলবে আগামী বৃহস্পতিবার পর্যন্ত। ১৭ জানুয়ারি থেকে দেশজুড়ে ১৬টি স্টেডিয়ামে সম্ভাবনাময় ফাস্ট বোলার নির্বাচন প্রক্রিয়া শুরু হবে।

শারীরিক যোগ্যতা ও ক্রিকেট দক্ষতার উপর ভিত্তি করে অংশগ্রহণকারীদের যাচাই করা হবে। চূড়ান্ত নির্বাচনের জন্য ৬৪ জনকে ঢাকায় হাই পারফরম্যান্স ক্যাম্পে আনা হবে, যা বসতে পারে আগামী ১৫ থেকে ২২ ফেব্রুয়ারির মধ্যে।

দুই দফা যাচাই-বাছাই শেষে শীর্ষ ১২ জনকে (১০ জন ছেলে ও দুই জন মেয়ে) বিজয়ী ঘোষণা করা হবে। তারা যেন জাতীয় পর্যায়ে খেলতে পারেন তার জন্য হাই পারফরম্যান্স ইউনিটের মাধ্যমে তাদের প্রশিক্ষণ দেওয়া হবে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন রবির চিফ অপারেটিং অফিসার মাহতাব উদ্দিন আহমেদ ও বিসিবির বিপণন কমিটির প্রধান কাজী ইনাম আহমেদ।