সাকিবদের অনুপ্রেরণা রোনালদো-মেসি!
দারুণ সফল এক বছর শেষে বাংলাদেশ দলের লক্ষ্য এবার নিজেদের ছাড়িয়ে আরও এগিয়ে যাওয়া। সাকিব আল হাসান জানালেন, এই চ্যালেঞ্জ জয়ে ক্রিকেটারদের অনুপ্রেরণা ক্রিস্তিয়ানো রোনালদো ও লিওনেল মেসি!
রোনালদো ও মেসি যেভাবে বছরের পর বছর ধরে নিজেদের ছাড়িয়ে যাচ্ছেন, বাংলাদেশের ক্রিকেটাররাও চান সেভাবেই উন্নতির ধারা ধরে রাখতে। সোমবার খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে অনুশীলন শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে অনুপ্রেরণা খুঁজে নেওয়ার গল্প শোনালেন সাকিব।
প্রসঙ্গটি ছিল নিজেদের অনুপ্রাণিত করার। নতুন বছরের প্রথম প্রতিপক্ষ অপেক্ষাকৃত সহজ, সদস্য আফগানিস্তানের বিপক্ষে জোড়া সিরিজ হারে মনোবল যাদের তলানিতে। সাকিব অবশ্য নিজেকে অনুপ্রাণিত করতে প্রতিপক্ষের দিকে তাকানোর প্রয়োজন দেখছেন না।
প্রতিনিয়ত উন্নতি করার ক্ষুধায় সাকিব উদাহরণ হিসেবে টেনে আনলেন রোনালদো-মেসিকে।
“যে লেভেলে সবাই আছি, সবাই চেষ্টা করে সেটায় উন্নতি করার। উন্নতির তো শেষ নেই। ক্রিস্তিয়ানো রোনালদো বা মেসির কথা চিন্তা করুন, ওরা বছরের পর বছর, ৭-৮ বছর ধরে টানা বিশ্বের সেরা দুজন ফুটবলার হয়ে আসছে। ওই চ্যালেঞ্জটা আমাদের ক্রিকেটারদেরও আছে যে কিভাবে উন্নতি করা যায়, কিভাবে আগের দিনের চেয়ে আরও ভালো করা যায়।”
