২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিউ জিল্যান্ড টি-টোয়েন্টি দলে নতুন মুখ অ্যাস্টল

পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের নিউ জিল্যান্ড দলে ডাক পেয়েছেন টড অ্যাস্টল।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jan 2016, 04:00 PM

Updated : 11 Oct 2022, 07:34 PM

তিন বছরেরও বেশি সময় আগে নিউ জিল্যান্ডের হয়ে টেস্ট অভিষেক হয় টড অ্যাস্টলের। একটি টেস্ট খেললেও এখনও দেশের হয়ে ওয়ানডে আর টি-টোয়েন্টিতে খেলা হয়নি এই লেগস্পিন অলরাউন্ডারের।

অ্যাস্টলকে জায়গা করে দিতে দল থেকে বাদ পড়েছেন ইশ সোধি। ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে সবশেষ ওয়ানডে সিরিজের ৫ ম্যাচের তিনটিতেই খেলেন তিনি। একই প্রতিপক্ষের বিপক্ষে গত বৃহস্পতিবার প্রথম টি-টোয়েন্টিতে ৩৩ রান দিয়ে একটি উইকেটও নেন এই লেগস্পিনার।

পাকিস্তান সিরিজের দলে না থাকলেও নিউ জিল্যান্ডের টি-টোয়েন্টি বিশ্বকাপের পরিকল্পনায় আছেন সোধি। ভারতে আগামী মার্চ-এপ্রিলের টি-টোয়েন্টি বিশ্বকাপে তিন জন স্পিনার নিয়ে যাওয়ার কথা গত সপ্তাহে জানান নিউ জিল্যান্ডের কোচ মাইক হেসন।

অ্যাস্টল মূলত নির্বাচকদের ভাবনায় আসেন গত অক্টোবরে নিউ জিল্যান্ড ‘এ’ দলের হয়ে শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে ম্যাচে ১১ উইকেট নিয়ে।

নিউ জিল্যান্ডের ঘরোয়া টি-টোয়েন্টিতে ১০ ম্যাচে ৬.৪৮ গড়ে ৭ উইকেট নেন অ্যাস্টল। ৬ ইনিংসে করেন ৪৬ রান। ৫০ ওভারের টুর্নামেন্ট ফোর্ড ট্রফিতে দারুণ খেলছেন তিনি। ১১.১৮ গড়ে ১১ উইকেট নিয়ে এখন পর্যন্ত যৌথভাবে দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারী অ্যাস্টল। ৫ ম্যাচে ৭৩.৫০ গড়ে করেছেন ১৪৭ রান।

প্রথম টি-টোয়েন্টিতে রস টেইলরকে বিশ্রাম দেওয়ার কারণে এই ম্যাচের জন্য টম ল্যাথামকে দলে নিয়েছেন নির্বাচকরা।

তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটি হবে আগামী শুক্রবার অকল্যান্ডে। 

পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের নিউ জিল্যান্ড দল: কেন উইলিয়ামসন (অধিনায়ক), কোরি অ্যান্ডারসন, টড অ্যাস্টল, ট্রেন্ট বোল্ট, গ্র্যান্ট এলিয়ট, মার্টিন গাপটিল, ম্যাট হেনরি, টম ল্যাথাম (শুধু প্রথম ম্যাচের জন্য), মিচেল ম্যাকক্লেন্যাগান, অ্যাডাম মিল্ন, কোলিন মানরো, লুক রনকি, মিচেল স্যান্টনার, রস টেইলর।