২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উইলিয়ামস-ভিটরিকে নিয়ে বাংলাদেশে আসছে জিম্বাবুয়ে

বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের জিম্বাবুয়ে দলে ফিরেছেন ভুসি সিবান্দা ও ব্রায়ান ভিটরি। চোট কাটিয়ে ফিরেছেন শন উইলিয়ামসও।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jan 2016, 07:41 PM

Updated : 12 Apr 2022, 01:11 AM

প্রায় পাঁচ বছর আগে বাংলাদেশের বিপক্ষেই আন্তর্জাতিক ক্রিকেটে সাড়া জাগানো অভিষেক ভিটরির। পরে সময়ের সঙ্গে আর তাল মেলাতে পারেননি। ক্যারিয়ার জুড়েই ছিলেন আসা-যাওয়ার মধ্যে। আরও একবার ফিরলেন বাংলাদেশ সফর দিয়ে।

টপ অর্ডার ব্যাটসম্যান সিবান্দাও গত কয়েক বছর ধরে আছেন দলে আসা-যাওয়ার মধ্যে। ভিটরি-সিবান্দা দুজনই জিম্বাবুয়ের হয়ে সবশেষ টি-টোয়েন্টি খেলেছেন গত মে মাসে দেশের মাটিতে পাকিস্তানের বিপক্ষে। টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে জায়গা পাওয়ার দাবি জানানোর সুযোগ পেলেন দুজনই।

উইলিয়ামস গত বেশ কিছুদিন ধরেই জিম্বাবুয়ের অন্যতম সেরা পারফরমার। তবে সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তানের বিপক্ষে সিরিজে খেলতে পারেননি কুঁচকির চোটের কারণে। 

আফগানিস্তানের বিপক্ষে সিরিজে জিম্বাবুয়ের স্কোয়াড ১৫ জনের হলেও বাংলাদেশ সিরিজের দলটি ১৬ জনের। তিন জন ফিরলেও বাদ পড়েছেন তাই দুই জন - মিডল অর্ডার ব্যাটসম্যান ক্রেইগ আরভিন ও পেসার টিনাশে পানিয়াঙ্গারা।

রোববার সংযু্ক্ত আরব আমিরাতে আফগানিস্তানের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচ খেলে সোমবার বিকেলে ঢাকায় আসছে জিম্বাবুয়ে দল। খুলনায় যাবে তারা পর দিন দুপুরে।

খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে ১৫, ১৭, ২০ ও ২২ জানুয়ারি হবে সিরিজের চারটি ম্যাচ। প্রতিটি ম্যাচই শুরু হবে বেলা ৩টায়।

জিম্বাবুয়ে দল: ম্যালকম ওয়ালার, পিটার মুর, এল্টন চিগুম্বুরা, সিকান্দার রাজা, গ্রায়েম ক্রেমার, হ্যামিল্টন মাসাকাদজা, রিচমন্ড মুতুম্বামি, শন উইলিয়ামস, চামু চিবাবা, নেভিল মাডজিভা, লুক জঙ্গুয়ে, টাওরাই মুজারাবানি, টেন্ডাই চিসোরো, ওয়েলিংটন মাসাকাদজা, ভুসিমুজি সিবান্দা, ব্রায়ান ভিটরি।