পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টিতে নেই সাউদি
পায়ের চোটে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ থেকে ছিটকে পড়েছেন টিম সাউদি।
শ্রীলঙ্কার বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের তৃতীয়টি চলার সময় বাঁ পায়ে আঘাত পান সাউদি। ফলে ওই সিরিজের শেষ দুই ম্যাচ এবং রোববার শেষ হওয়া দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে খেলতে পারেননি এই ডান-হাতি পেসার।
আগামী ১৫ জানুয়ারি শুরু হতে যাওয়া পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের আগেই অবশ্য সাউদির সেরে ওঠার আশা ছিল। কিন্তু রোববার নিউ জিল্যান্ড ক্রিকেট জানায়, সিটি স্ক্যানে দেখা গেছে তার চোট বেড়েছে।
পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টিতে সাউদির খেলার কোনো সম্ভাবনা নেই বলে নিশ্চিত করেন দলটির ব্যাটিং কোচ ক্রেইগ ম্যাকমিলান।
নিউ জিল্যান্ড ও পাকিস্তানের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে আগামী ২৫ জানুয়ারি।
আগামী ৩ ফেব্রুয়ারি অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরের মাঠে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরুর আগেই সাউদিকে ফিরে পাওয়ার আশা করছেন ম্যাকমিলান।
