২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গেইলের বিরুদ্ধে অশোভন আচরণের অভিযোগ

ক্রিস গেইলের বিরুদ্ধে এক মহিলার সঙ্গে অশোভন আচরণের অভিযোগ তুলেছে ফেয়ারফ্যাক্স মিডিয়া। মানহানির অভিযোগে উল্টো অস্ট্রেলিয়া ও নিউ জিল্যান্ডের সবচেয়ে বড় সংবাদমাধ্যমের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে যাচ্ছেন ওয়েস্ট ইন্ডিজের এই মারমুখী ব্যাটসম্যান।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jan 2016, 07:25 PM

Updated : 12 Apr 2022, 01:10 AM

ফেয়ারফ্যাক্সের দাবি, গত বছর ওয়ানডে বিশ্বকাপের সময় গেইল সিডনিতে এক মহিলার সামনে অশোভনভাবে নিজেকে উন্মুক্ত করেছিলেন। 
 
গত সোমবার বেলেরিভ ওভালে বিগ ব্যাশ লিগের ম্যাচ চলাকালে চ্যানেল টেনের এক নারী সাংবাদিককে সাক্ষাৎকার দেওয়ার সময় ‘আপত্তিকর’ মন্তব্য করায় মেলবোর্ন রেনেগেইডসের গেইলকে নিয়ে সমালোচনার মধ্যেই নতুন এই অভিযোগ উঠল।
 
ওই ঘটনার পর গেইলকে ১০ হাজার অস্ট্রেলিয়ান ডলার জরিমানা করে তার দল রেনেগেইডস। ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা জেমস সাদারল্যান্ড জানান, ভবিষ্যতে এ ধরনের আচরণ করলে আরও বড় শাস্তি পেতে হবে ওয়েস্ট ইন্ডিজের এই ব্যাটসম্যানকে। 
 
গেইলের ম্যানেজার সাইমন আউটেরি এক বিবৃতিতে জানান, ফেয়ারফ্যাক্স সংবাদমাধ্যমে প্রকাশিত অভিযোগটি গেইল জোরালোভাবে অস্বীকার করেছেন। 
 
“এমন অস্বীকার সত্ত্বেও ফেয়ারফ্যাক্স ধারাবাহিকভাবে অসত্য আর মানহানিকর এই অভিযোগ ছেপে যাচ্ছে, যেটা বিশ্বজুড়ে সংবাদমাধ্যমে আবার প্রকাশিত হয়েছে।”
 
“ফলে ক্রিস গেইল ফেয়ারফ্যাক্স মিডিয়ার বিরুদ্ধে মানহানির জন্য আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু করতে অস্ট্রেলিয়ার শীর্ষ একজন সংবাদমাধ্যম বিষয়ক আইনজীবী মার্ক ও’ব্রায়েনকে দায়িত্ব দিয়েছে।”