২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ড্রয়ের আগে ওয়ার্নারের রেকর্ড গড়া শতক

বৃষ্টি ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দিয়েছিল আগেই। শেষ দিন ড্রয়ের আগে সিডনি ক্রিকেট মাঠের ইতিহাসে নিজের নাম লিখিয়েছেন ডেভিড ওয়ার্নার।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jan 2016, 12:28 PM

Updated : 11 Oct 2022, 07:32 PM

অস্ট্রেলিয়া-ওয়েস্ট ইন্ডিজ সিডনি টেস্টের টানা দুই দিনের খেলা বৃষ্টিতে ভেসে যাওয়ার পর শেষ দিনে ক্রিকেট হয়েছে কিছুটা। তাতেই ৮২ বলে শতক করেছেন ওয়ার্নার।

ঐতিহ্যবাহী সিডনি ক্রিকেট মাঠের ১৩৪ বছর আর ১০৪ টেস্টের ইতিহাসে এটিই দ্রুততম শতক। ৮৪ বলে আগের দ্রুততম শতকের রেকর্ড ছিল আরেক বাঁহাতি ওপেনার ম্যাথু হেইডেনের।

টেস্টের প্রথম দিন থেকেই ছিল বৃষ্টির হানা। প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নামা ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংসই তাই চলেছে পঞ্চম দিন পর্যন্ত। প্রথম দিন খেলা হয়েছিল ৭৫ ওভার, পরের দিন ১১.২ ওভার। পরের দুই দিন এক বলও নয়।

৭ উইকেটে ২৪৮ রান নিয়ে শেষ দিন শুরু করা ক্যারিবিয়ানরা অলআউট হয় ৩৩০ রানে। ৩০ রানে অপরাজিত দিনেশ রামদিন করেন ৬২ রান, শেষ ব্যাটসম্যান জোমেল ওয়ারিক্যান ২১। ৩টি করে উইকেট নেন দুই স্পিনার নাথান লায়ন ও স্টিভ ও’কিফ।

অস্ট্রেলিয়া উদ্বোধনী জুটিতে তোলে ১০০ রান, যাতে ওয়ার্নারের রানই ছিল ৭৪, সঙ্গী জো বার্নসের ২৬। শেষ পর্যন্ত ১৬তম শতক করে ১০৩ বলে ১২২ রানে অপরাজিত থাকেন ওয়ার্নার। অস্ট্রেলিয়া ২ উইকেটে ১৭৬ করার পর ড্র মেনে নেয় দুই দল।

ম্যাচ-সেরা হন ওয়ার্নার, সিরিজ সেরা অ্যাডাম ভোজেস। নিজেদের সম্পত্তি বানিয়ে ফেলা ফ্র্যাঙ্ক ওরেল ট্রফি অস্ট্রেলিয়া রেখে দিল ২-০ ব্যবধানে সিরিজ জিতে। ১৯৯৫ সাল থেকেই এটি আছে তাদের দখলে। এই সময়ে দুই দলের ১১টি সিরিজের ১০টিই জিতেছে অস্ট্রেলিয়া, ব্রায়ান লারার অসাধারণ পারফরম্যান্সে কেবল ড্র হয়েছিল ১৯৯৯ সালের সিরিজ।