শেষ ওভারে লঙ্কানদের হারাল নিউ জিল্যান্ড
প্রথম টি-টোয়েন্টিতে রোমাঞ্চকর জয়ে দুই ম্যাচের সিরিজে এগিয়ে গেছে নিউ জিল্যান্ড। মাউন্ট মঙ্গানুইতে শেষ ওভারে নিষ্পত্তি হওয়া ম্যাচে কিউইরা জিতেছে ৩ রানে।
১৮৩ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরুটা বাজে হলেও পরে নিউ জিল্যান্ডকে চেপে ধরেছিল শ্রীলঙ্কা; কিন্তু পেরে ওঠেনি শেষ পর্যন্ত। শেষ ওভারে প্রয়োজন ছিল ১৩ রান। মূল বোলারদের কোটা শেষ হয়ে যাওয়ায় বল পেয়েছিলেন অনিয়মিত মিডিয়াম পেসার গ্রান্ট এলিয়ট।
জেফ্রি ভ্যান্ডারসের শেষ বলে চার মারলেও প্রথম পাঁচ বলে লঙ্কানরা উইকেট হারায় দুটি, নিতে পারে মোটে ৫ রান। ৯ উইকেটে ১৭৯ রান পর্যন্ত তুলে ৩ রানের হার মেনে নিতে হয় অতিথিদের।
৪ উইকেট হারিয়ে নিউ জিল্যান্ডের তোলা ১৮২ রানের জবাবে শ্রীলঙ্কার শুরুটা ছিল বাজে। অভিষিক্ত ওপেনার দানুশকা গুনাতিলকা একপাশে ঝড় তুললেও আরেকপ্রান্ত উইকেট পড়েছে নিয়মিত। ৪২ রানে ৪ উইকেট হারায় লঙ্কানরা। ২৯ বলে ৪৬ রানের ঝড়ো ইনিংস খেলে রানে চাকাটা সচল রাখেন বাঁহাতি এই ওপেনার।
রান তাড়ায় শ্রীলঙ্কা সত্যিকার অর্থেই ম্যাচে ফেরে লোয়ার-মিডল অর্ডারদের ব্যাটিংয়ে। ৩১ বলে ৪২ করেন মিলিন্ডা সিরিবর্ধনা, ১৯ বলে ২৮ অলরাউন্ডার থিসারা পেরেরা। আটে নেমে ১৫ বলে ১৭ রান করেন চামারা কাপুগেদারা।
কিন্তু নিয়মিত উইকেট হারিয়ে রান-বলের টানাপোড়েনের সঙ্গে পেরে ওঠেনি লঙ্কানরা। ৪ ওভারে মাত্র ২১ রান দিয়ে ৩ উইকেট নেন ট্রেন্ট বোল্ট, ৪৪ রানে ৩টি ম্যাট হেনরি।
নিউ জিল্যান্ডকে বড় স্কোরের ভিত্তি এনে দেয় উদ্বোধনী জুটি। মার্টিন গাপটিল ও কেন উইলিয়ামসন উদ্বোধনী জুটিতে ১০.৫ ওভারে তোলেন ১০১ রান। ওয়ানডের ফর্ম টি-টোয়েন্টিতেও বয়ে এনে চারটি করে চার ও ছক্কায় ৩৪ বলে ৫৮ করেন গাপটিল। অধিনায়ক উইলিয়ামসন ৪২ বলে ৫৩।
ব্যাটিং অর্ডারে প্রমোশন পেয়ে তিনে নেমে কলিন মানরো করেন ২৬ বলে ৩৬। দীর্ঘ চোট কাটিয়ে ফিরে কোরি অ্যান্ডারসন আউট হয়েছেন ২ রানেই। তবে রস টেইলরের ৯ বলে অপরাজিত ২২ রানে কিউইদের সংগ্রহ ১৮০ ছাড়ায়।
খুব কাছে গিয়েও সেই স্কোরের নাগাল পায়নি শ্রীলঙ্কা।
