রোমাঞ্চকর জয়ে সিরিজ জিতে সেরা দশে আফগানিস্তান
গুলবদিন নাইবের অসাধারণ এক অপরাজিত ইনিংসে পঞ্চম ওয়ানডেতে জিম্বাবুয়েকে ২ উইকেটে হারিয়েছে আফগানিস্তান।
৩-২ ব্যবধানে সিরিজ জিতে আফগানরা নিশ্চিত করল ওয়ানডে র্যাঙ্কিংয়ে শীর্ষ দশে থাকা।
সিরিজের প্রথম ওয়ানডে জিতে প্রথমবারের মত দশে উঠে এসেছিল আফগানিস্তান। তৃতীয় ও চতুর্থ ওয়ানডের হারে আবার নেমে গিয়েছিল ১২ নম্বরে। কিন্তু শেষ ম্যাচের জয়ে নিশ্চিত হলো আবার দশে ওঠা।
শারজাহতে সিরিজের শেষ ম্যাচে বুধবার গুলবদিন প্রায় একাই জিম্বাবুয়ের জয় ছিনিয়ে এনে উৎসবে মাতান আফগানদের। ২৪৯ রান তাড়ায় পথ হারিয়েছিল আফগান ইনিংস। অধিনায়ক আসগর স্তানিকজাই যখন আউট হলেন, তখনও চাই ৯৩ বলে ১০৪ রান, হাতে মাত্র ৪ উইকেট। সাতে নামা গুলবদিন সেখান থেকেই জিতিয়ে দিলেন আফগানিস্তানকে।
সপ্তম উইকেটে গুলবদিনকে দারুণ সঙ্গ দিয়েছেন ১৭ বছর বয়সী লেগ স্পিনার রশিদ খান। দুজন মিলে গড়েছেন ৭৩ বলে ৮৫ রানের জুটি। ৪৮তম ওভারে দুই উইকেট নিয়ে ম্যাচে আবার রোমাঞ্চ ফেরান নেভিল মাডজিভা। রশিদকে (৩১) ফেরানোর এক বল পর বোল্ড করেন মিরওয়াইস আশরাফকে (০)। কিন্তু গুলবদিনকে জয় করতে পারেনি জিম্বাবুয়ে।
শেষ ওভারে প্রয়োজন ছিল ১০ রান। মাডজিভার করা প্রথম বলে গুলবদিন নেন দুই রান, দ্বিতীয় বলে চার ও চতুর্থ বলে দারুণ ছক্কায় ম্যাচ শেষ করে দেন ২ বল আগেই। ৬ ছক্কায় ৬৩ বলে অপরাজিত ৮৩ গুলবদিন। ১৬ ওয়ানডের ক্যারিয়ারে এই প্রথম ছুঁলেন পঞ্চাশ, সেটিই আবার অসাধারণ ম্যাচ জয়ী ইনিংস!
অথচ এই ম্যাচের নায়ক হতে পারতেন হ্যামিল্টন মাসাকাদজা। দলে ফিরে দারুণ ফর্মে থাকা অভিজ্ঞ ব্যাটসম্যান দারুণ এক শতকে জিম্বাবুয়েকে এনে দিয়েছিলেন লড়ার মতো রান। ১১১ বলে ১১০ করেন মাসাকাদজা; ওয়ানডেতে এটি তার চতুর্থ শতক।
ওপেনার পিটার মুর করেন ৪২, রিচমন্ড মুতুম্বামি করেছেন ৪০। এক সময় মনে হচ্ছিল ২৮০ ছাড়িয়ে যাবে জিম্বাবুয়ের রান। কিন্তু শেষ দিকে দারুণভাবে ফিরে আসে আফগান বোলাররা। জিম্বাবুয়ে আটকে যায় ২৪৮ রানে। আমির হামজা নেন ৩ উইকেট, দুটি করে মোহাম্মদ নবি ও রশিদ খান।
রান তাড়ায় আফগানিস্তানের শুরুর দিকের ব্যাটসম্যানরা রান পেলেও বড় ইনিংস খেলতে পারেননি কেউ। ফর্মে থাকা ওপেনার মোহাম্মদ শাহজাদ এবার ফেরেন ২৫ রানে, ৩১ করেছেন হাশমতউল্লাহ শহিদি। ১৪৬ রানে আফগানরা হারিয়েছিল ষষ্ঠ উইকেট।
সেখান থেকেই গুলবদনের বীরত্বে অসাধারণ জয়। আফগানিস্তানের যেটি টানা দ্বিতীয় ওয়ানডে সিরিজ জয়। গত অক্টোবরে জিম্বাবুয়েকে তাদের মাটিতেই ৩-২ ব্যবধানে হারিয়ে এসেছিল আফগানিস্তান। সেবার ওয়ানডে সিরিজের পর ওই গুলবদনের ঝড়ো অর্ধশতকে টি-টোয়েন্টি সিরিজও জিতেছিল আফগানরা।
আফগান ক্রিকেটের এগিয়ে চলার আরেকটি পদক্ষেপ পড়ল এবার সংযুক্ত আরব আমিরাতে। সিরিজ জয়ের পর ম্যাচর নায়ক গুলবদিনকে নিয়ে মাঠে ল্যাপ অফ অনার দিল আফগানরা। এমনিতে সবকিছুতেই নির্লিপ্ত আফগানিস্তান কোচ ইনজামাম-উল-হকও ফেটে পড়লেন উল্লাসে।
আর আরেকটি সিরিজ হারে মাথা নিচু করে মাঠ ছাড়ল জিম্বাবুয়ে। শতরান করা মাসাকাদজার চোখে তখন চিকচিক করছে জল।
