২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দলের সঙ্গে থাকছেন তাসকিন, শহীদ ও সাকলাইন

জিম্বাবুয়ে সিরিজের প্রথম দুই টি-টোয়েন্টি ম্যাচের স্কোয়াডে না থাকলেও দলের সঙ্গেই থাকছেন তাসকিন আহমেদ, মোহাম্মদ শহীদ ও সাকলাইন সজিব।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jan 2016, 05:57 PM

Updated : 12 Apr 2022, 01:09 AM

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রাথমিক দলে থাকা ২৭ ক্রিকেটারের মধ্যে যারা জিম্বাবুয়ে সিরিজের দলে নেই, তারা খেলবেন ১২ জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল)। তবে জিম্বাবুয়ে সিরিজের স্কোয়াডে না থেকেও দলের সঙ্গে থাকায় দুই পেসার তাসকিন আহমেদ, মোহাম্মদ শহীদ ও বাঁহাতি স্পিনার সাকলাইন সজিবকে বিসিএলে খেলতে হবে না।

আসছে এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে জিম্বাবুয়ে সিরিজটাকে পরীক্ষা-নিরিক্ষার সিরিজ হিসেবে নিয়েছেন নির্বাচকেরা এবং টিম ম্যানেজমেন্ট। সিরিজের পরের দুই ম্যাচের জন্য ওই তিন ক্রিকেটারদের বিবেচনা করছেন নির্বাচকেরা। দলের অনুশীলনে তাই থাকছেন ওই তিন জন, দলের সঙ্গে যাচ্ছেন খুলনাতেও।

প্রধান নির্বাচক ফারুক আহমেদ অবশ্য সরাসরি বললেন না তিন জনকে পরের দুইটি-টোয়েন্টিতে নেওয়ার কথা। তবে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ইঙ্গিতটা দিয়ে রাখলেন।

"বিশ্বকাপের জন্য অনেক ক্রিকেটারকেই আমরা দেখে নিতে চাই এই সিরিজে। ওদের তিনজনকে দলের সঙ্গেই রাখছি আমরা। আর দলের সঙ্গে যখন রাখা হচ্ছে, কিছু পরিকল্পনা তো আছেই।"