২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আমলা-ডি ভিলিয়ার্সের ব্যাটে দক্ষিণ আফ্রিকার জবাব

দারুণ এক অপরাজিত শতকে রান খরা কাটিয়েছেন হাশিম আমলা। রান পেয়েছেন এবি ডি ভিলিয়ার্স ও ফাফ দু প্লেসিও। ইংল্যান্ডের বিশাল সংগ্রহের জবাবটা তাই ভালোই দিচ্ছে দক্ষিণ আফ্রিকা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jan 2016, 10:52 PM

Updated : 11 Oct 2022, 07:31 PM

কেপ টাউন টেস্টের তৃতীয় দিন শেষে দক্ষিণ আফ্রিকার রান ৩ উইকেটে ৩৫৩। ফলোঅন এড়াতে স্বাগতিকদের চাই আর মাত্র ৭৭ রান। বেন স্টোকসের রেকর্ডময় ২৫৮ রানের ইনিংসে আগের দিন ৬ উইকেটে ৬২৯ রানে ইনিংস ঘোষণা করেছিল ইংল্যান্ড।

টেস্ট ক্যারিয়ারের ২৪তম শতক করে আমলা এগিয়ে যাচ্ছেন চতুর্থ ডাবল সেঞ্চুরির দিকে। দিন শেষে প্রোটিয়া অধিনায়ক অপরাজিত ১৫৭ রানে। ৫১ রানে অপরাজিত আছেন দু প্লেসি। ডি ভিলিয়ার্স আউট হয়েছেন ৮৮ রানে।

দক্ষিণ আফ্রিকার জন্য সবচেয়ে বড় সুখবর আমলা ও দু প্লেসির ফর্মে ফেরাই। বিস্ময়করভাবে গত বছর ৮ টেস্ট খেলে একটিও শতক করতে পারেননি আমলা, পঞ্চাশ ছিল মোটে একটি। এই টেস্টে দল হারলে এবং তিনিও রান না পেলে হয়ত নেতৃত্ব নিয়েই টানাটানি শুরু হতো। দারুণ এক ইনিংসে দু:সময়কে পাল্টা জবাব দিলেন তিনি।

আমলা-ডি ভিলিয়ার্স জুটি উইকেটে জমে গিয়েছিলেন আগের দিনই। তৃতীয় দিনের প্রথম সেশনটাও নির্বিঘ্নে কাটিয়ে দেন দুজন। লাঞ্চের আগে মইন আলিকে চার মেরে অর্ধশতক ছোঁয়ার পাশাপাশি দক্ষিণ আফ্রিকার তৃতীয় ব্যাটসম্যান হিসেবে টেস্টে ৮ হাজার রানও স্পর্শ করেন ডি ভিলিয়ার্স।

লাঞ্চের পর প্রথম বলে মইনকে চার মেরেই পঞ্চম দক্ষিণ আফ্রিকান হিসেবে আমলা ছুঁয়ে ফেলেন ৭ হাজার রান। ওই ওভারেই আরেকটি চারে ছুঁয়ে ফেলেন শতক।

১৮৩ রানের এই জুটি ভাঙেন স্টিভেন ফিন। ৮৮ রানে পুল করতে গিয়ে মিড উইকেটে ক্যাচ হন ডি ভিলিয়ার্স। এরপর আমলা ও দু প্লেসির দৃঢ়তায় বাকি সময়টায় আর উইকেট হারায়নি প্রোটিয়ারা।

সবশেষ ৯ ইনিংস মিলিয়ে ৭১ রান করা দু প্লেসি রানে ফিরেছেন শেষ পর্যন্ত; দিনশেষে অপরাজিত ৫১ রানে। ১৫৭ রান তুলতে ৩৭১ বল খেলেছেন আমলা।