২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাবাদাকে ছাপিয়ে হেলস-স্টোকস

দারুণ বোলিং করে দক্ষিণ আফ্রিকাকে আশা দিয়েছিলেন তরুণ পেসার কাগিসো রাবাদা। তবে অ্যালেক্স হেলস, জো রুট ও বেন স্টোকসের অর্ধশতকে দিনটি নিজেদের করে নিয়েছে ইংল্যান্ড।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jan 2016, 11:35 PM

Updated : 11 Oct 2022, 07:31 PM

কেপ টাউনে বছরের প্রথম টেস্টের প্রথম দিন শেষে ৮৭ ওভারে ইংল্যান্ড তুলেছে ৫ উইকেটে ৩১৭ রান। রান পেয়েছেন জেমস টেলর ছাড়া ইংল্যান্ডের সব ব্যাটসম্যানই।

টস জিতে ব্যাটিংয়ে নামা ইংল্যান্ড হেলস ও অ্যালিস্টার কুকের উদ্বোধনী জুটিতে পায় ৫৫ রান। ২৭ রান করে কুক আউট হন রাবাদার বলে তৃতীয় স্লিপে ক্রিস মরিসের অসাধারণ এক ক্যাচে।

দ্বিতীয় উইকেটে হেলস ও নিক কম্পটন যোগ করেন ৭৪ রান। আগের টেস্টে অভিষেকে ১০ ও ২৬ রান করা হেলস ক্যারিয়ারের প্রথম অর্ধশতক করেছেন দ্বিতীয় টেস্টেই। নিজের সহজাত আক্রমণাত্মক প্রবৃত্তি দমিয়ে রেখে টেস্ট মেজাজ খেলেছেন হেলস। শেষ পর্যন্ত আউট হয়েছেন মর্নে মর্কেলের বলে, ১৪০ বলে ৬০ রান করে।

চা-বিরতির আগে ও পরে টানা দুই বলে কম্পটন (৪৫) ও টেলরকে (০) ফিরিয়ে প্রোটিয়াদের ম্যাচে ফিরিয়েছিলেন রাবাদা। কিন্তু ব্যাটসম্যানের দারুণ ব্যাটিংয়ে আবার লাগাম নিয়ে নেয় ইংল্যান্ড।

গত বছরটা দুর্দান্ত কাটানো রুট নতুন বছর শুরু করেছেন অর্ধশতক দিয়ে। ৫০ করেই অবশ্য পরিণত হয়েছেন অভিষিক্ত পেসার ক্রিস মরিসের প্রথম শিকারে।

এরপর আর উইকেট হারায়নি ইংল্যান্ড। বরং স্টোকস ও জনি বেয়ারস্টো রান তুলেছেন ওয়ানডের গতিতে। দিন শেষে ৯৩ বলে ৭৪ করে অপরাজিত আছেন স্টোকস, ৩৯ রানে উইকেটে বেয়ারস্টো।

রাবাদা ৭৪ রানে নিয়েছেনন ৩ উইকেট।