আফগানদের ৫৮ রানে গুটিয়ে জিম্বাবুয়ের রেকর্ড জয়
বিব্রতকর এক পরাজয় চোখ রাঙাচ্ছিল জিম্বাবুয়েকে। সেখান থেকে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে আফগানিস্তানকেই বিব্রতকর হার উপহার দিয়েছে তারা।
শারজায় তৃতীয় ওয়ানডেতে আফগানিস্তানকে ১১৭ রানে হারিয়েছে জিম্বাবুয়ে। প্রথম ২ ম্যাচের হারের পর এই জয়ে ৫ ম্যাচের সিরিজে টিকে রইল এল্টন চিগুম্বুরার দল।
টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে ৪৯ রানেই ৭ উইকেট হারিয়ে বসেছিল জিম্বাবুয়ে। কয়েক দিন আগেও দলে ব্রাত্য হ্যামিল্টন মাসাকাদজার অসাধারণ এক ইনিংস ও গ্রায়েম ক্রেমারের অর্ধশতকে শেষ পর্যন্ত করতে পারে তারা ১৭৫ রান।
উজ্জীবিত জিম্বাবুয়ের বোলাররা এরপর দুর্দান্ত বোলিংয়ে আফগানের গুটিয়ে দেয় মাত্র ৫৮ রানেই। তরুণ পেসার লুক জঙ্গুয়ে ৫ উইকেট নিয়েছেন মাত্র ৬ রানে!
ওয়ানডে ইতিহাসে এই প্রথম ৫০ রানের আগেই ৭ হারানোর পরও ম্যাচ জিতল কোনো দল!
দুই দলই নিজেদের প্রথম ২ উইকেট হারিয়েছিল শূন্য রানে, এটিও ওয়ানডে ইতিহাসে প্রথম! আর এই প্রথম কোনো ওয়ানডেতে ১৮ জন ব্যাটসম্যান আউট হয়েছেন দুই অঙ্ক ছোঁয়ার আগেই!
এই সিরিজ দিয়েই দলে ফিরে আগের দুই ম্যাচে ৪৭ ও ৮৩ রান করেছিলেন মাসাকাদজা। তৃতীয় ম্যাচেও অভিজ্ঞ ব্যাটসম্যান এক প্রান্ত থেকে দেখেছেন সতীর্থদের আসা-যাওয়া। ৪৯ রানে ৭ উইকেট হারিয়ে যখন কাঁপছে জিম্বাবুয়ে, লেগ স্পিনার ক্রেমার তখন হয়ে ওঠেন ব্যাটসমান। অষ্টম উইকেটে দুজন গড়েন ১০৪ রানের জুটি।
তিনটি করে চার ও ছক্কায় ৫৮ রানে আউট হন ক্রেমার। ৬ চার ও ৩ ছক্কায় মাসাকাদজা আউট হন শেষ ব্যাটসম্যান হিসেবে, ৮৩ রানে।
আফগানিস্তানের মিরওয়াইস আশরাফ নেন ৩ উইকেট, দুটি করে আমির হামজা ও দওলত জাদরান।
ধ্বংসস্তুপ থেকে ব্যাটসম্যানদের ঘুরে দাঁড়ানোর ছোঁয়া লাগে জিম্বাবুয়ের বোলিংয়ে। নেভিল মাডজিভা প্রথম ওভারেই নেন ২ উইকেট। জোড়া আঘাত হানেন আরেক পেসার টেন্ডাই চিসোরোও।
আর তৃতীয় পেসার জঙ্গুয়ে তো বিধ্বস্তই করে দেন আফগানদের। ৫.১ ওভারে ৬ রানে ৫ উইকেট! ওয়ানডেতে এর চেয়ে কম রানে ৫ উইকেট পেয়ছেন আর কেবল দুজন। শ্রীলঙ্কার বিপক্ষে কোর্টনি ওয়ালশের ১ রানে ৫ উইকেট, বাংলাদেশের বিপক্ষে স্টুয়ার্ট বিনির ৪ রানে ৬ উইকেট।
২২ বলে ৩১ করা ওপেনার মোহাম্মদ শাহজাদ ছাড়া আফগানিস্তানের আর কেউ ছুঁতে পারেননি দু অঙ্ক। ৫৮ রান ওয়ানডেতে আফগানদের সবচেয়ে কম রানের স্কোরও। দলটির আগের সর্বনিম্ন ছিল স্কটল্যান্ডের বিপক্ষে ৬৩।
অবশ্য আরও বড় একটি বিব্রতকর রেকর্ড থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছে আফগানরা। ১২.১ ওভারেই নবম উইকেট হারিয়েছিল তারা। ওয়ানডেতে সবচেয়ে কম ওভারে গুটিয়ে যাওয়ার রেকর্ড ১৪ ওভারে, ২০০৩ বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে নামিবিয়া। শেষ পর্যন্ত শেষ জুটি আফগানদের কিছুটা উদ্ধার করে, অল আউট হয় তারা ১৬.১ ওভারে।
