টপ অর্ডারের দৃঢ়তায় শ্রীলঙ্কার বড় জয়
টপ অর্ডারের দারুণ ব্যাটিংয়ে তৃতীয় ওয়ানডেতে নিউ জিল্যান্ডকে ৮ উইকেটে হারিয়ে সিরিজ বাঁচিয়ে রেখেছে শ্রীলঙ্কা। তিলকারত্নে দিলশান, লাহিরু থিরিমান্নে ও দানুশকা গুনাথিলাকার তিন অর্ধশতকে সহজেই স্বাগতিকদের দেওয়া ২৭৭ রানের লক্ষ্যে পৌঁছে যায় অ্যাঞ্জেলো ম্যাথিউসের দল।
পাঁচ ম্যাচের সিরিজে ২-১ ব্যবধানে পিছিয়ে রয়েছে শ্রীলঙ্কা।
বৃহস্পতিবার নেলসনের স্যাক্সটন ওভালে টস জিতে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ২৭৬ রান করে নিউ জিল্যান্ড। জবাবে ৪৬ ওভার ২ বলে ২ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় শ্রীলঙ্কা।
দেশের মাটিতে টানা ১২ ওয়ানডে জেতার পর হারল নিউ জিল্যান্ড। গত ৩১ জানুয়ারি থেকে শুরু হওয়া এই জয়রথ থামল ৩১ ডিসেম্বর।
লক্ষ্য তাড়া করতে নেমে দিলশান-গুনাথিলাকার ৯৮ রানের উদ্বোধনী জুটি উড়ন্ত সূচনা এনে দেয় শ্রীলঙ্কাকে। ১২.৪ ওভার স্থায়ী জুটিতে ম্যাচ সেরা গুনাথিলাকার অবদান ৬৫ রান। ৪৫ বলে খেলা তার ঝড়ো ইনিংসটি ৭টি চার ও ৪টি ছক্কা সমৃদ্ধ।
তিন নম্বর ব্যাটসম্যান থিরিমান্নের সঙ্গে অভিজ্ঞ দিলশানের ১১১ রানের আরেকটি চমৎকার জুটি জয়ের পথে নিয়ে যায় শ্রীলঙ্কাকে। ওয়ানডেতে তৃতীয়বারের মতো ‘নার্ভাস নাইন্টিজে’ ফেরা দিলশান আউট হন ৯১ রানে। তার ৯২ বলের ইনিংসটি সাজানো ৯টি চারে।
বাকি কাজটুকু দিনেশ চান্দিমালকে নিয়ে সহজেই সারেন থিরিমান্নে। ১০৩ বলে ৬টি চার ও একটি ছক্কার সাহায্যে ৮৭ রানে অপরাজিত থাকেন তিনি। অবিচ্ছিন্ন ৬৮ রানের জুটিতে উইকেটরক্ষক-ব্যাটসম্যান চান্দিমালের অবদান ২৭ রান।
এর আগে মার্টিন গাপটিল (৩০), টম ল্যাথাম (৪২) ও কেন উইলিয়ামসনের (৫৯) তিন ইনিংসে শুরুটা ভালো হয়েছিল নিউ জিল্যান্ডের।
এক সময়ে স্বাগতিকদের স্কোর ছিল ১ উইকেটে ১০২ রান। এরপর থেকে নিয়মিত বিরতিতে উইকেট হারানোয় এক সময়ে নিউ জিল্যান্ডের সংগ্রহ আড়াইশ’ পার হওয়া নিয়েই শঙ্কা জাগে।
২১৫ রানে প্রথম সাত ব্যাটসম্যানকে হারায় নিউ জিল্যান্ড। তবে ডগ ব্রেসওয়ল (৩০), অ্যাডাম মিল্ন (১৭*) ও টিম সাউদি (১৮*) শেষ পর্যন্ত দলকে পৌঁনে তিনশ’ রান পর্যন্ত নিয়ে যান।
নিউ জিল্যান্ডের দুশমন্থ চামিরা, নুয়ান প্রদিপ ও জেফরি ভ্যান্ডারসে দুটি করে উইকেট নেন।
আগামী শনিবার নেলসনেই হবে চতুর্থ ওয়ানডে।
