শাহজাদের রেকর্ডে আফগানদের স্মরণীয় জয়
২০১৫ সালটা দুর্দান্তভাবেই শেষ করলো আফগানিস্তান। সিরিজের দ্বিতীয় ওয়ানডেতেও জিম্বাবুয়েকে হারিয়েছে তাদের হটিয়েই র্যাঙ্কিংয়ের দশম স্থানে উঠে আসা দেশটি।
মোহাম্মদ শাহজাদের রেকর্ড শতকে জিম্বাবুয়ের দেওয়া ২৫৪ রানের লক্ষে ১৪ বল বাকি থাকতে ৪ উইকেট হাতে রেখে পৌঁছে যায় আফগানরা। ১৩৩ বলে অপরাজিত ১৩১ করেন শাহজাদ, যা ওয়ানডেতে আফগান কোনো ব্যাটসম্যানের সর্বোচ্চ।
মঙ্গলবার শারজাহতে নুর আলী জারদান ও শাহজাদের ৮২ রানের উদ্বোধনী জুটিতে শুরুটা ভালোই হয় আফগানিস্তানের। শাহজাদের সঙ্গে মোহাম্মদ নবির ৮৭ রানের জুটিতে জয়ের গন্ধ পেতে থাকে তারা। তবে নবির (৩৩) রান আউট আর নওরোজ মঙ্গলের বিদায়ের পর এলটন চিগুম্বুরার টানা তিন ওভারে ৩ উইকেট শিকারে খেই হারিয়ে ফেলে আফগানরা।
এক প্রান্ত আগলে থাকা শাহজাদ মিরওয়াইস আশরাফের সঙ্গে অবিচ্ছিন্ন ৫৬ রানের জুটি বেঁধে আফগানদের স্মরণীয় একটি জয় এনে দেন। উইকেটকিপার ব্যাটসম্যান শাহজাদের রেকর্ড গড়া ইনিংসটি সাজানো ছিল ৭টি চার ও ৮ ছক্কায়।
জিম্বাবুয়ের চিগুম্বুরা ৩২ রান দিয়ে নেন ৩ উইকেট।
টসে জিতে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়েছিল জিম্বাবুয়েরও। ৭১ রানের জুটি গড়ে পর পর দুই ওভারে পিটার মুর ও রিচমন্ড মুতুমবামির আউটে চাপে পড়েছিল তারা।
তবে হ্যামিল্টন মাসাকাদজা (৪৭) আর আর ক্রেইগ আরভিনের (৭৩) ব্যাটে বড় সংগ্রহ গড়ার পথেই ছিল জিম্বাবুয়ে। পরের ব্যাটসম্যানরা তেমন কোনো অবদান না রাখায় ৭ উইকেট হারিয়ে ২৫৩ রান তুলতে পারে আগের ওয়ানডেতে ৪৯ রানে হারা দলটি।
২-০ ব্যবধানে পিছিয়ে থেকে সিরিজ জিততে হলে এখন পরের তিনটি ওয়ানডেতেই জিততে হবে সফরকারীদের।
