২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চাপ কমানোর কথা ভাবছেন ডি ভিলিয়ার্স

ভবিষ্যতের ভাবনায় নিজের ওপর ভার কমানোর তাগিদ অনুভব করছেন এবি ডি ভিলিয়ার্স। বিশ্বের অন্যতম সেরা এই ব্যাটসম্যান তাই ছেড়ে দিতে পারেন ক্রিকেটের কোনো একটি সংস্করণ!

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Dec 2015, 05:42 PM

Updated : 25 Apr 2022, 02:20 PM

দক্ষিণ আফ্রিকার একটি পত্রিকা দুদিন আগে দাবি করে, চলতি ইংল্যান্ড সিরিজ শেষে টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়ার কথা ভাবছেন ডি ভিলিয়ার্স। জাতীয় দলে ডি ভিলিয়ার্সের বর্তমান ও সাবেক কয়েকজন সতীর্থ নাকি এই কথা বলেছেন পত্রিকাটিকে।

রোববার ডারবান টেস্টের দ্বিতীয় দিন শেষে সংবাদ সম্মেলনে অবশ্য সেই দাবিকে উড়িয়ে দিয়েছিলেন পেসার মর্নে মর্কেল। তবে তৃতীয় দিনের খেলা শুরু হওয়ার আগে টিভিতে মাইক হেইসম্যানের সঙ্গে ডি ভিলিয়ার্সের আলাপচারিতায় ইঙ্গিত কিছুটা মিললই।

“অনেক গুজবই বাতাসে ঘুরে বেড়াচ্ছে, আমি শুনছি। তবে গত ২-৩ বছরে আমি শুধু একটা কথা বলেছি, সেটা হলো নিজেকে তরতাজা রাখা এবং সুযোগমত এখানে-সেখানে বিশ্রাম খুঁজে নেওয়া। ক্রিকেট উপভোগ করাটাই সবসময় আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। সামনে তাকিয়ে সূচির দিকে লক্ষ্য রাখা খুব গুরুত্বপূর্ণ, হয়ত সব ধরনের ক্রিকেট আমি খেলব না।”

অবসরের খবর জানানো ওই পত্রিকাটির দাবি, ব্যাটিং, উইকেটকিপিং ও ওয়ানডের নেতৃত্ব মিলিয়ে চাপে পিষ্ট ডি ভিলিয়ার্স। মার্ক বাউচার অবসর নেওয়ার পর টেস্টে কিপিং গ্লাভস দেওয়া হয়েছিল ডি ভিলিয়ার্সকে। এটা নিয়ে পরে প্রকাশ্যে নিজের অনাগ্রহের কথা জানিয়েছিলেন তিনি। কিন্তু তারপরও দু দফায় কিপিং গ্লাভস নিতে হয়েছে তাকে। চলতি ডারবান টেস্টেও খেলছেন উইকেটকিপার ব্যাটসম্যান হিসেবে। মূল ব্যাটসম্যান হয়ে আবার কিপিংয়ের ভার নিতে হওয়ায় তিনি ক্লান্ত।

দক্ষিণ আফ্রিকার ক্রিকেটে কোটা পদ্ধতিতেও প্রচণ্ড বিরক্ত এই ব্যাটসম্যান। গত বিশ্বকাপের সেমিফাইনালে ফর্মে থাকা কাইল অ্যাবটের পরিবর্তে একাদশে শেষ মুহূর্তে কৃষ্ণাঙ্গ কোটায় ভার্নন ফিল্যান্ডারের অন্তর্ভুক্তির পর থেকেই মনটা তিক্ত হয়ে ছিল ডি ভিলিয়ার্সের।

ওই পত্রিকার দাবি, ইংল্যান্ড সিরিজ শেষে অবসরের কথা ভাবছেন ডেল স্টেইন ও ফিল্যান্ডারও।