বিশ্বকাপে দারুণ কিছুর অপেক্ষায় মেহেদি
দেশের মাটিতে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ভালো কিছু আশা করছেন বাংলাদেশের অধিনায়ক মেহেদি হাসান মিরাজ।
বুধবার যুব বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করে বিসিবি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বাংলাদেশের অধিনায়ক মেহেদি জানান, বিশ্বকাপে দারুণ কিছুর অপেক্ষায় আছেন তিনি।
বর্তমান চ্যাম্পিয়নদের গ্রুপে থাকলেও নিজের দল নিয়ে অনেক দূরে যাওয়ার স্বপ্নটা কেন দেখছেন তার ব্যাখ্যাটা দিলেন এই তরুণ।
“বছর জুড়ে আমরা প্রস্তুতি নিয়েছি। বেশ কিছু আন্তর্জাতিক ম্যাচ খেলেছি। যা আমাদের প্রস্তুতিতে দারুণ সহায়তা করেছে।”
দক্ষিণ আফ্রিকা সফর, দেশের মাটিতে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ এবং সর্বশেষ ভারতে খেলা ত্রিদেশীয় সিরিজ বিশ্বকাপে ভালো করার জন্য সহায়ক হবে বলে মনে করেন অলরাউন্ডার মেহেদি।
১৫ জনের দলের প্রায় সবাই অনেক দিন ধরেই এক সঙ্গে খেলছেন। এটাও অধিনায়ককে বড় কিছুর স্বপ্ন দেখাচ্ছে।
“খেলা হবে দেশের মাটিতে, এটা আমাদের জন্য বাড়তি অনুপ্রেরণার বিষয়। সব মিলিয়ে আমরা প্রস্তুত। আমরা এখন মাঠে নামার অপেক্ষায় আছি। আশা করি, বিশ্বকাপে দারুণ কিছুই হবে।”
আগামী ২৭ জানুয়ারি টুর্নামেন্টের প্রথম দিনেই চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শিরোপাধারী দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলবে বাংলাদেশ। ‘এ’ গ্রুপে এই দুই দলের সঙ্গী স্কটল্যান্ড ও নামিবিয়া।
