রকিবুলকে ঘিরে বিতর্ক তদন্ত করবে বিসিবি
বিপিএলের ম্যাচে টস নিয়ে সন্দেহ ও পরে সেটা নিয়ে বিতর্কিত মন্তব্য করায় ম্যাচ রেফারি রকিবুল হাসানের বিরুদ্ধে তদন্ত করবে বিসিবি।
টস বিতর্কটি গত ১২ ডিসেম্বর ঢাকা ডায়নামাইটস ও বরিশাল বুলসের এলিমিনেটর ম্যাচের ঘটনা। ম্যাচ রেফারি ছিলেন সাবেক অধিনায়ক ও বাংলাদেশে ম্যাচ রেফারিদের প্রধান, রকিবুল হাসান। শিশিরের কারণে রাতের ম্যাচের টস ছিল খুবই গুরুত্বপূর্ণ। টসে জিতে ফিল্ডিং নিয়েছিল ঢাকা।
সে সময় টস নিয়ে প্রশ্ন উঠেনি। কিন্তু পরে একাত্তর টিভি টসের ফল নিয়ে সংশয় প্রকাশ করে একটি প্রতিবেদন প্রচার করে। যেখানে ভিডিও রিপ্লে দেখে মনে হয়েছে, নিক্ষেপিত মুদ্রা উইকেট থেকে তোলার সময় মুদ্রা উল্টে দিয়ে টসের ফলও উল্টে দিয়েছিলেন ম্যাচ রেফারি।
দুই অধিনায়ক কুমার সাঙ্গাকারা ও মাহমুদউল্লাহ ও ধারাভাষ্যকার অ্যালিস্টার ক্যাম্পবেলকে পেছন দিকে রেখে মুদ্রা তুলেছিলেন রকিবুল; এরপর জানিয়েছিলেন বিজয়ী কে। মুদ্রা মাটিতে পড়ে থাকা অবস্থায় ওই তিনজন দেখার সুযোগই পাননি। এটা নিয়েও সন্দেহ প্রকাশ করা হয় প্রতিবেদনে।
রোববার শের-ই-বাংলা স্টেডিয়ামে বিসিবি প্রধানের বিপিএল পরবর্তী সংবাদ সম্মেলনে উঠল এই প্রসঙ্গ। নাজমুল হাসান জানালেন, সঠিক নিয়ম নিয়ে ধোঁয়াশায় আছে বোর্ডও।
“আসলে ওই ঘটনার পর আমরা নিয়মটা খুঁজে বের করার চেষ্টা করেছি। কিন্তু অধিনায়কেরা দেখার পরই মুদ্রা মাটি থেকে তুলতে হবে, নাকি ম্যাচ রেফারি আগেই তুলতে পারবেন, এটা পরিষ্কার উল্লেখ নেই কোথাও। পরে আমরা বিপিএলের অন্য বেশ কিছু ম্যাচও দেখেছি, অনেক ম্যাচেই এমন হয়েছে। এজন্যই নিয়মবহির্ভুত কিনা, বলতে পারছি না। আইসিসিতে যোগাযোগ করে দেখব।”
ওই ভিডিও নিয়ে পরে আরও একটি প্রতিবেদন করা হয়, যেখানে রকিবুল হাসানকে অনেক বিতর্কিত মন্তব্য করতে দেখা যায়। প্রতিবেদনের উদ্দেশ্য, প্রতিবেদকের ধর্ম নিয়ে মন্তব্য করাসহ তাকে হুমকি-ধামকি দেওয়া, বিসিবি প্রধান নাজমুল হাসান, সাবেক বিসিবি ও আইসিসি প্রধান আ হ ম মুস্তফা কামালসহ বেশ কজন বিসিবি পরিচালককেও ব্যক্তিগত আক্রমণ করতেও দেখা যায় রকিবুলকে।
এ প্রসঙ্গে ব্যবস্থা নেওয়ার দায়িত্বটি বিসিবি প্রধান ছেড়ে দিলেন শৃঙ্খলা কমিটির ওপর।
