পরের বিপিএলে বাড়বে দল, ভেন্যু
বিসিবি প্রধান নাজমুল হাসান বলেছেন, আগামী বছরের নভেম্বরে বিপিএলের চতুর্থ আসর আয়োজনের কথা ভাবছে বোর্ড। আগামী আসরে বাড়বে দল ও ভেন্যুর সংখ্যাও।
প্রায় দুই বছর বিরতির পর এবার বিপিএলের তৃতীয় আসর আয়োজন করেছে বিসিবি। মঙ্গলবার ফাইনাল চলার সময় চ্যানেল নাইনে ধারাভাষ্যকার ড্যানি মরিসনের সঙ্গে কথা বলছিলেন নাজমুল হাসান। বিসিবি প্রধান সেই আলাপচারিতায় কথা বললেন আগামী আসর নিয়ে।
“বিপিএলের এই তুমুল জনপ্রিয়তা দেখে আমরা উচ্ছ্বসিত। আগামী বছরের নভেম্বরে বিপিএলের চতুর্থ আসর আয়োজনের ভাবনা আছে আমাদের। এবার ঢাকা ও চট্টগ্রামে যে জনপ্রিয়তা দেখেছি, তাতে আগামী আসর আরও ছড়িয়ে দেওয়া হবে। হয়ত সিলেটসহ আরও ভেন্যুতে খেলা হবে। বাড়বে দল সংখ্যাও।”
২০১২ সালে বিপিএলের প্রথম আসরে খেলেছিল ছয়টি দল। খেলা হয়েছিল ঢাকা ও চট্টগ্রামে। পরের বছর পরের আসরে খেলেছিল ৭টি দল। ঢাকা ও চট্টগ্রামের পাশাপাশি সেবার খেলা হয়েছিল খুলনাতেও। তবে এই বছর আবার দল নেমে এসেছে ছয়টিতে, ভেন্যুও ছিল শুধু ঢাকা ও চট্টগ্রামে।
