ফাইনাল কঠিন হবে: শাহরিয়ার
নিজেদের সেরা ক্রিকেট খেলেই কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও বরিশাল বুলস ফাইনালে পৌঁছেছে। তাই শিরোপা নির্ধারণী ম্যাচে কঠিন লড়াই দেখছেন শাহরিয়ার নাফীস।
গ্রুপ পর্বের দুই ম্যাচেই কুমিল্লার কাছে হারে বরিশাল। প্রথম ম্যাচ ৮, পরেরটিতে ৭ উইকেটে জেতে মাশরাফি বিন মুর্তজার দল।
কুমিল্লার কাছে দুইবার খুব একটা লড়াই করতে না পারলেও টুর্নামেন্টে ভালো খেলেই শেষ চারে জায়গা করে নেয় বরিশাল। এলিমিনেটর ম্যাচে ঢাকা ডায়নামাইটস ও দ্বিতীয় কোয়ালিফায়ারে রংপুর রাইডার্সকে হারায় তারা।
মঙ্গলবারের ফাইনালের আগে তাই আত্মবিশ্বাসের কমতি নেই বরিশাল শিবিরে। ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে সেই কথাই জানালেন টপ অর্ডার ব্যাটসম্যান শাহরিয়ার।
“আমরা লিগ পর্ব এবং কোয়ালিফায়ারে ভালো খেলে ফাইনালে এসেছি। সেই খেলাই আমরা ধরে রাখতে চাই। আমরা ফাইনাল ভেবে নয়, নিজেদের স্বাভাবিক খেলাটাই খেলতে চাই। তাহলেই আশা করি, ভালো কিছু হবে।”
কুমিল্লাকে সমীহ করেই শিরোপা জেতার ছক কষছে বরিশাল, “কুমিল্লা টুর্নামেন্ট জুড়ে ভালো খেলেছে। সুতরাং খুব ভালো প্রতিপক্ষের বিপক্ষেই খেলতে হবে। ওদেরকে আমরা যথেষ্ট সমীহ করছি। কালকের ম্যাচ দুই দলের জন্যই কঠিন হবে।”
