ছক্কার সেঞ্চুরিতে গিলক্রিস্টের পাশে ম্যাককালাম
টেস্ট ইতিহাসের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে ১০০ ছক্কা মারার রেকর্ড গড়েছেন নিউ জিল্যান্ডের অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম।
শ্রীলঙ্কার বিপক্ষে ডানেডিন টেস্টে মাঠে নামার সময় ম্যাককালামের নামের পাশে ছিল ৯৭টি ছক্কা। প্রথম ইনিংসে ৫৭ বলে ৭৫ রানের ঝড়ো ইনিংসের পথে মেরেছিলেন একটি ছক্কা।
রোববার দ্বিতীয় ইনিংসে খেলেছেন মাত্র ৬টি বল। কাঙ্ক্ষিত শতক ছুঁয়ে ফেলেছেন তাতেই। উইকেটে গিয়ে প্রথম বলেই ডাউন দ্য উইকেটে গিয়ে উড়িয়েছেন রঙ্গনা হেরাথকে। বাঁহাতি স্পিনারের পরের ওভারেই শর্ট বলকে উড়িয়েছেন ডিপ মিডউইকেট দিয়ে। ছক্কা নম্বর ১০০!
১৩৮ বছরের টেস্ট ইতিহাসে ১০০টি ছক্কা মারার কীর্তি আছে আর একজনেরই, ব্যাটিং দর্শনে যার অনুসারী স্বয়ং ম্যাককালাম। টেস্ট ক্রিকেটে কিপার-ব্যাটসম্যানের ধারা বদলে দেওয়ার পথিকৃত, অ্যাডাম গিলক্রিস্ট। সাবেক অস্ট্রেলিয়ান কিপারও মেরেছিলেন ঠিক ১০০টি ছক্কা।
ছক্কার প্রথম সেঞ্চুরিয়ান পেতে টেস্ট ক্রিকেটকে অপেক্ষায় থাকতে হয়েছিল ১৩০ বছর। ২০০৭ সালের নভেম্বরে, নতুন এই চূড়ায় পা রাখেন গিলক্রিস্ট। সেটিও ছিল শ্রীলঙ্কার বিপক্ষে। ম্যাককালামের মতো গিলক্রিস্টের ছক্কাও ছিল সেই সময়ে শ্রীলঙ্কার সবচেয়ে বড় স্পিন ভরসার বলে! মুত্তিয়া মুরালিধরনকে টানা দুটো ছক্কায় শতক ছুঁয়েছিলেন গিলক্রিস্ট। শততম ছক্কাটিতে স্লগ সুইপে বল আছড়ে ফেলেছিলেন হোবার্টের বেলেরিভ ওভাল স্টেডিয়ামের বাইরে।
ওই ইনিংসের পর টেস্টে আর ৭টি ইনিংস খেলেছিলেন গিলক্রিস্ট। বিস্ময়কর ভাবে আর একটি ছক্কাও মারতে পারেননি। রোববার গিলক্রিস্টকে ছোঁয়ার পর ছাড়িয়ে যাওয়ার সুযোগও ছিল ম্যাককালামের সামনে। তবে শততম ছক্কাটির পরই ইনিংস ঘোষণা করে দেন কিউই অধিনায়ক।
১৩০ ইনিংসে শততম ছক্কা মেরেছিলেন গিলক্রিস্ট। সেটা ছুঁতে ম্যাককালামের লাগল ১৭০। গিলক্রিস্টের ব্যাটিং সামর্থ্যের একটি ক্ষুদ্র প্রমাণও এটি।
একটা সময় টেস্ট ক্রিকেটে ১০০টি ছক্কা অনেকের ভাবনার সীমানাতেও ছিল না। আক্রমণাত্মক ব্যাটিংয়ের শেষ কথা মানা হয় যাকে, সেই ভিভ রিচার্ডসের ৮৪ ছক্কা রেকর্ড হয়ে ছিল বেশ অনেক দিন।
তবে গিলক্রিস্ট, পরে শেবাগ-গেইলদের আবির্ভাবে বদলে গেছে টেস্ট ব্যাটিংয়ের ভাষাই। ১০০ টেস্ট ছক্কা তাই আগের মত দূর আকাশের তারা নয়।
ম্যাককালামের আগেই গিলক্রিস্টকে ছোঁয়া ও ছাড়ানোর সম্ভাবনা জাগিয়েছিলেন বিরেন্দর শেবাগ ও জ্যাক ক্যালিস। দুই বছর আগে অনেকটা আচমকাই যখন টেস্ট থেকে বিদায় নিলেন ক্যালিস, নামের পাশে ছিল ৯৭টি ছক্কা! আড়াই বছর আগে সবশেষ টেস্ট খেলা শেবাগের ছক্কা ৯১টি।
এই বছর কোনো টেস্ট না খেলা ক্রিস গেইল দাঁড়িয়ে ১০০ থেকে মাত্র দুটি শট দূরে। হয়ত করে ফেলবেন পরের সুযোগেই!
বাংলাদেশের হয়ে টেস্টে সবচেয়ে বেশি ছক্কার রেকর্ড মোহাম্মদ রফিকের। ২৭ টি ছক্কায় দুইয়ে তামিম ইকবাল।
টেস্টে সবচেয়ে বেশি ছক্কা
ব্যাটসমান | ইনিংস | ছক্কা |
অ্যাডাম গিলক্রিস্ট | ১৩৭ | ১০০ |
ব্রেন্ডন ম্যাককালাম | ১৭০ | ১০০ |
ক্রিস গেইল | ১৮২ | ৯৮ |
জ্যাক ক্যালিস | ২৮০ | ৯৭ |
বীরেন্দর শেবাগ | ১৮০ | ৯১ |
ব্রায়ান লারা | ২৩২ | ৮৮ |
ক্রিস কেয়ার্নস | ১০৪ | ৮৭ |
ভিভ রিচার্ডস | ১৮২ | ৮৪ |
অ্যান্ড্রু ফ্লিন্টফ | ১৩০ | ৮২ |
ম্যাথু হেইডেন | ১৮৪ | ৮২ |
বর্তমান ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি টেস্ট ছক্কা
ব্যাটসমান | ইনিংস | ছক্কা |
ব্রেন্ডন ম্যাককালাম | ১৭০ | ১০০ |
ক্রিস গেইল | ১৮২ | ৯৮ |
মিসবাহ-উল-হক | ১০৬ | ৬৭ |
ইউনুস খান | ১৮৬ | ৬০ |
টিম সাউদি | ৭৩ | ৫৫ |
এবি ডি ভিলিয়ার্স | ১৬৯ | ৫৪ |
হরভজন সিং | ১৪৫ | ৪২ |
ডেভিড ওয়ার্নার | ৮৮ | ৪১ |
ইয়ান বেল | ২০৫ | ৩৯ |
অ্যাঞ্জেলো ম্যাথিউস | ৯৪ | ৩৭ |
